
সম্পুর্ণ ভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ এরা। তারপরো কোন জাতিগত দাঙ্গা নেই, নীরব একটা বর্ণবাদী আচরণ ও সামান্য ধর্মীয় বিদ্বেষ মাঝে মধ্যে দেখা গেলেও তুলনামূলক বিচারে তেমন কিছুই নয়। মিলে মিশে দেশটা দেড় শতাধিক বছর ধরে ভালই চলছে শুধুমাত্র আইনের শাসন ও জবাবদিহিতার কারণে। অথচ আমরা? একই বাঙালি জাতির মধ্যে কত ধরণের ভয়ংকর ঘৃণা ও বিদ্বেষ!!! কারণ মুলত ক্ষমতা, দুর্নীতি ও একে অপরকে ঠকিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে রাতারাতি ধনী হবার স্বপ্ন দেখা। এই স্বপ্নকে দীর্ঘদিন যাবত লালন পালন ও প্রশ্রয়দাতা বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল।
একটা দলের প্রধান নেতা কে হবেন তা নিয়ে দীর্ঘ কয়েকমাস যাবত চললো কর্মীদের দুয়ারে দুয়ারে ঘুরাঘুরি। বলছি অন্টারিও লিবারেল পার্টির নেতা নির্বাচনের কথা। এই লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে একজন প্রার্থীকে প্রথমেই জমা দিতে হয়েছে পঁচিশ হাজার ডলার। প্রথমদিকে পাঁচজন প্রার্থী ছিলেন। মাস দুই আগে একজন সরে দাঁড়ালেন। দলের মধ্যে এদেরও গ্রুপিং আছ তবে সেটা ঐ নির্বাচন পর্যন্তই। এর আগে নিজেদের মধ্যে বিতর্ক অনুষ্ঠান হলো। প্রত্যেকেই নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরলেন কে বর্তমান সরকারকে হঠিয়ে লিবারেল দলকে ক্ষমতায় আনতে পারবেন? কে কার লোক অর্থাৎ কে জাষ্টিন ট্রুডোর লোক আর কে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির লোক, এই প্রশ্ন করাতে তিনজন বললেন তারা মার্ক কার্নির সমর্থক।

একজন বুক ফুলিয়ে বললেন, তিনি ট্রুডোর সমর্থক। লোক বলতে চামচা নয়, নীতির সমর্থক। যাহোক গত কদিন যাবত গোটা প্রদেশব্যাপি দলের সদস্যদের মধ্যে অনলাইনে ভোট হলো। ভোট হবার আগে কোন জালিয়াতি করে ভোটার বা সদস্য হবার সুযোগ ছিল না। দুই তিন মাস আগে সদস্য হবার ডেডলাইন ছিল। তারপর বললো, কানাডা পোষ্টের আইডেন্টিটি নামক একটা এ্যাপের মধ্যে প্রত্যেক ভোটারের ড্রাইভিং লাইসেন্স বা ফটো আইডি লোড করে পরিচয় যাচাই করতে হবে। অর্থাৎ কোন জালিয়াতির সুযোগ নাই। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বা জাষ্টিন ট্রুডো কেউ একটা টু শব্দও করে নাই। কেউ কারো পক্ষে বলতে আসে নাই যে তার প্রার্থী অমুক, তাকে যেন ভোটটা দেই। তবে দলের অন্য প্রভাবশালী সদস্যরা কে কাকে সমর্থন দিচ্ছে এবং কেন দিচ্ছে তার বিবরণ দিয়ে মাঝে মাঝে আমাদের কাছে ইমেইল ও ফোন করতো।
আমরা পাত্তা দেই নি। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর গত ২০শে নভেম্বর ভোট গ্রহণ শেষ হলো। সামান্য ভোটের ব্যবধানে পান্জাবি বংশোদ্ভূত ও সাবেক শিল্পমন্ত্রী নাভদ্বীপ বাইন জয়ী হলেন। কিন্তু তারপরের দৃশ্যগুলো দেখুন, সবাই একসাথে মিলে মিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ডাগ ফোর্ডের বর্তমান সরকারকে ফেলে দেবার সংকল্প গ্রহণ করেছেন। তবে তা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে, মানুষের মন জয় করার মাধ্যমে। কোন লক ডাউন, হরতাল বা মানুষ পুড়িয়ে আগুন জ্বালানোর প্রয়োজন কোন গনতান্ত্রিক দেশে হয় না। কারণ ক্ষমতা পেলে সেটা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বা দুর্নীতি করে সম্পদ বানানোর সুযোগ এখানে নেই। যদি কেউ সেই চেষ্টা করে তবে ধরা পড়লে শাস্তি অবধারিত। আর সেই শাস্তি যখন পাবে তখন কোন দলীয় চামচা এসে তার মুক্তির দাবীতে শ্লোগান দিতে আসবে না।
আমি প্রথমদিকে লি ফেয়ারক্লোকে সমর্থন দিলেও পরে নাভদ্বীপ বাইনকে সমর্থন দিই এবং ভোট দিই। দুজনই যোগ্য নেতা। ভোট যাকেই দেই সবাই একই দলের লোক। একসাথে কাজ করতে হবে।
যাহোক অভিনন্দন জানাই নাভদ্বীপ বাইনকে। দেখা যাক অন্টারিও প্রদেশের মানুষ মাথায় টারবান পড়া পান্জাবী বংশোদ্ভূত কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে আগামীতে মেনে নেয় কিনা।

