
টরন্টোর আবাসনসংকট মোকাবিলায় স্বল্প আয়ের মানুষ ও পরিবারের জন্য নতুন ৯২টি সাশ্রয়ী ভাড়াবাসা নির্মাণের কাজ শুরু হয়েছে। শহরের পার্কডেল এলাকায় ১০ তলাবিশিষ্ট এই আবাসিক ভবন নির্মাণে টরন্টো সিটি ও কানাডার ফেডারেল সরকার যৌথভাবে কয়েক কোটি ডলার অর্থায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় অলাভজনক আবাসন সংস্থা পার্কডেল ইউনাইটেড চার্চ ফাউন্ডেশন।
গত ২০ নভেম্বর টরন্টো সিটি কর্তৃপক্ষ ও কানাডা সরকার যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ শুরুর ঘোষণা দেয়। কিং স্ট্রিট ওয়েস্টের ১৩৩৭ থেকে ১৩৩৯ নম্বর ঠিকানায় গড়ে উঠবে নতুন ভবনটি। এতে মোট ৯২টি ভাড়ার ইউনিট থাকবে, যার মধ্যে ১০টি ইউনিট আগের ভাড়াবাসার বিকল্প হিসেবে রাখা হয়েছে।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো ক্রমবর্ধমান বাড়িভাড়ার চাপে টরন্টোতে বসবাস করতে হিমশিম খাওয়া নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ তৈরি করা। চার দশকেরও বেশি সময় ধরে পার্কডেল এলাকায় সাশ্রয়ী আবাসন উন্নয়নে কাজ করছে পার্কডেল ইউনাইটেড চার্চ ফাউন্ডেশন। নতুন উদ্যোগের মাধ্যমে সেই কার্যক্রম আরও সম্প্রসারণ করতে চায় সংস্থাটি।
সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পটির নির্মাণে টরন্টো সিটি ১ কোটি ৫৫ লাখ ডলারের বেশি মূলধনি সহায়তা দিচ্ছে। এই অর্থের একটি উৎস অন্টারিও সরকারের বিল্ড ফাস্টার ফান্ড। এ ছাড়া আবাসনগুলো দীর্ঘমেয়াদে সাশ্রয়ী রাখতে প্রায় ২০ লাখ ডলারের সম্পত্তি কর ছাড় দেওয়া হবে।
অন্যদিকে, ফেডারেল সরকার অ্যাফোর্ডেবল হাউজিং ফান্ডের আওতায় প্রকল্পটিতে প্রায় ২ কোটি ৯০ লাখ ডলার অর্থায়ন করছে। সরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত এই আবাসনগুলো ভবিষ্যতে স্বল্প আয়ের বাসিন্দাদের জন্য বাড়িভাড়ার চাপ কিছুটা কমাবে বলে আশা করা হচ্ছে।
টরন্টোতে দীর্ঘদিন ধরেই আবাসনসংকট প্রকট। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সামর্থ্যের মধ্যে বাসা খুঁজে পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বাড়িভাড়ার পেছনে আয়ের বড় অংশ ব্যয় করতে গিয়ে অনেক পরিবারকে অন্যান্য প্রয়োজনীয় খরচ কমাতে হচ্ছে। একই সঙ্গে বাড়িভাড়া ও সম্পত্তির মূল্য বৃদ্ধির কারণে শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের বাসিন্দাদের বসবাস ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে।
বহুজাতিক ও বৈচিত্র্যময় জনবসতির জন্য পরিচিত পার্কডেলেও এই চাপ স্পষ্ট। এলাকায় স্বল্প আয়ের পরিবার, প্রবীণ ও নতুন অভিবাসীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ বসবাস করেন। তাঁদের অনেকের জন্য পরিচিত এলাকায় সাশ্রয়ী বাসস্থান ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ।
টরন্টোর মেয়র অলিভিয়া চৌ প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বলেছেন, সাশ্রয়ী আবাসন নির্মাণ মানুষের আবাসন নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপায়। তবে নির্মাণকাজ শুরু হলেও কবে ভবনটি বসবাসের উপযোগী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত সময়সূচি জানানো হয়নি। একইভাবে সম্ভাব্য ভাড়ার পরিমাণ, আবেদন শুরুর সময় এবং যোগ্যতা নির্ধারণের নিয়ম সম্পর্কেও পরবর্তী ঘোষণা প্রয়োজন।
টরন্টোর সামগ্রিক আবাসনসংকটের তুলনায় ৯২টি নতুন ইউনিট সংখ্যায় সীমিত হলেও প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে অলাভজনক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদে সাশ্রয়ী ভাড়াবাসা নিশ্চিত করা গেলে স্থানীয় নিম্ন আয়ের বাসিন্দারা উপকৃত হতে পারেন।

