
কেউ একসময় খুব সহজেই মানুষের সঙ্গে মিশতেন, মন খুলে কথা বলতেন, অন্যের ওপর নির্ভর করতেন। অথচ সময়ের ব্যবধানে সেই মানুষটিই হয়ে উঠতে পারেন নীরব, অন্তর্মুখী ও নিঃসঙ্গ। নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহ হারান, সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। এমনকি একসময় যে সঙ্গের জন্য ব্যাকুল থাকতেন, সেই মানুষটিই একাকিত্বের মধ্যে খুঁজে পান মানসিক শান্তি।
এর পেছনে থাকতে পারে দীর্ঘদিনের মানসিক আঘাত, প্রতারণা, অবহেলা কিংবা সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণের অভিজ্ঞতা। বিশেষ করে বারবার কষ্টদায়ক সম্পর্কে জড়ানোর পর মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যের সঙ্গে মেশার ধরন বদলে যেতে পারে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিসিস্টিক আচরণসম্পন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতার পর সংবেদনশীল মানুষের মধ্যে কয়েক ধরনের ব্যক্তিত্বগত পরিবর্তন দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে একা থাকতে স্বস্তি খোঁজা, মানুষের আচরণ সতর্কভাবে পর্যবেক্ষণ করা এবং নিজের অনুভূতি কম প্রকাশ করা। তবে এসব পরিবর্তন সবার ক্ষেত্রে একই রকম হয় না।
একা থাকতেই বেশি স্বস্তি
আগে হয়তো অন্যের সঙ্গ, মনোযোগ কিংবা ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল থাকতেন। কিন্তু বারবার মানসিক আঘাত পাওয়ার পর কেউ কেউ একা থাকাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেন।
তাঁরা বুঝতে শেখেন, মানসিক শান্তি নষ্ট করে এমন মানুষের সঙ্গে থাকার চেয়ে নিজের সঙ্গে ভালো থাকা অনেক বেশি জরুরি। যারা শুধু নিজেদের প্রয়োজনে যোগাযোগ করেন, তাঁদের পেছনে ছোটার আগ্রহও কমে যায়।
একা থাকার মধ্যে তাঁরা খুঁজে পান নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। কারও মন রক্ষা করতে গিয়ে নিজের অনুভূতিকে বিসর্জন দিতে হয় না। তবে একাকিত্ব যদি দীর্ঘস্থায়ী হয়ে স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে, সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
কথার চেয়ে আচরণকে বেশি গুরুত্ব দেন
কষ্টদায়ক সম্পর্কের অভিজ্ঞতার পর অনেকেই আর সহজে কারও কথায় বিশ্বাস করতে চান না। কেউ ভালোবাসার কথা বলছেন, ক্ষমা চাইছেন কিংবা নিজেকে বদলে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছেন—এসবের চেয়ে তাঁর ধারাবাহিক আচরণকে বেশি গুরুত্ব দেন।
কথা ও কাজের অমিল, বারবার একই অজুহাত দেওয়া কিংবা একই ধরনের আচরণের পুনরাবৃত্তি তাঁদের সহজেই চোখে পড়ে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে তাঁরা সময় নিতে চান। কারণ, আগের অভিজ্ঞতা তাঁদের শিখিয়েছে, শুধু মিষ্টি কথা দিয়ে মানুষের প্রকৃত মনোভাব বোঝা যায় না।
নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না
আগে হয়তো সামান্য ভুল বোঝাবুঝি হলেও দীর্ঘ সময় ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করতেন। অন্যকে বোঝানোর চেষ্টা করতেন, বারবার সুযোগ দিতেন। কিন্তু মানসিকভাবে আঘাত পাওয়ার পর কেউ কেউ বুঝতে পারেন, সবাই তাঁদের অনুভূতি বুঝতে চায় না।
ফলে তাঁরা কম কথা বলেন, বেশি পর্যবেক্ষণ করেন। ব্যক্তিগত বিষয় সহজে অন্যের সঙ্গে ভাগ করে নেন না। প্রতিটি অভিযোগের জবাব দেওয়া কিংবা প্রত্যেকের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টাও কমিয়ে দেন।
তাঁদের কাছে তখন নীরবতা অনেক সময় তর্কের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়ে ওঠে।
পরিবর্তন মানেই কি ব্যক্তিত্বের সমস্যা?
মানসিক আঘাতের পর একা থাকতে চাওয়া, কাউকে বিশ্বাস করতে সময় নেওয়া কিংবা ব্যক্তিগত সীমারেখা তৈরি করা সব সময় নেতিবাচক পরিবর্তন নয়। অনেক ক্ষেত্রে এগুলো নিজের মানসিক শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বাভাবিক চেষ্টা।
তবে অতীতের অভিজ্ঞতার কারণে যদি দীর্ঘদিন ভয়, উদ্বেগ, অবিশ্বাস কিংবা একাকিত্ব কাজ করে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হয়, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া প্রয়োজন হতে পারে।
মানুষের জীবনে কষ্টদায়ক সম্পর্কের অভিজ্ঞতা অনেক কিছু বদলে দিতে পারে। কিন্তু সেই অভিজ্ঞতা যেন ভবিষ্যতের সব সম্পর্কের দরজা বন্ধ করে না দেয়। নিজের সীমারেখা বজায় রেখেও বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা সম্ভব।
কারণ, একা থাকতে শেখা মানেই ভালোবাসার প্রয়োজন ফুরিয়ে যাওয়া নয়। কখনো কখনো এর অর্থ শুধু এটুকুই—মানুষটি আর নিজের শান্তির বিনিময়ে কাউকে জীবনে রাখতে চান না।

