
পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটনকেন্দ্র ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক। মোটরচালিত ভ্যান উলটে মাথা চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী চিকিৎসক মাইনুল ইসলাম শুভ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর স্বামী মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
স্বামী মাইনুল ইসলাম শুভর ভাষ্য অনুযায়ী, শুক্রবার তাঁরা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। পরদিন বিকালে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন তাঁরা।
পথে হঠাৎ একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উলটে যায়। মুহূর্তেই ভ্যানে থাকা চার পর্যটক ছিটকে সড়কে পড়ে যান। এ সময় নাবিলা ও তাঁর স্বামীসহ অন্য দুই পর্যটক আহত হন।
দুর্ঘটনায় নাবিলার মাথা ভ্যানের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার জানান, নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তাঁর স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা থেকে অবকাশ যাপনে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় একজন চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতজনদের মধ্যে।

