
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সাংবাদিকের অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার এক সাংবাদিকের বিরুদ্ধে নিজের সঙ্গে ‘ব্যাডটাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের পরিস্থিতি তৈরি করার অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে পরীমনির পাশে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে আলোচিত ঘটনায় অভিযুক্ত সাংবাদিকের পক্ষ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে প্রকাশিত ভিডিও বার্তায় প্রভা বলেন, কিছু বিষয় নিয়ে কথা না বললে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও এসব বিষয়ে মুখ খোলা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ভিডিওতে পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে প্রভা বলেন, ভুক্তভোগী হিসেবে দাবি করা সাংবাদিকের পক্ষ নেওয়ার আগে পুরো বিষয়টি বিবেচনা করা উচিত। তার ভাষায়, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’
এরপর নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দেন অভিনেত্রী। প্রভা জানান, একটি প্রসাধনসামগ্রীর প্রচার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় তাদের একজনের আচরণে অস্বস্তিতে পড়েন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রভা বলেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম। আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’
ওই ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিনেত্রী জানান, একাধিক মাইক্রোফোন হাতে নিয়ে ওই সাংবাদিক তার শরীরের খুব কাছাকাছি চলে আসছিলেন। তিনি বারবার সরে যাওয়ার চেষ্টা করলেও সাংবাদিকের হাত তার শরীরের আরও কাছে চলে আসছিল বলে অভিযোগ করেন প্রভা।
তার ভাষায়, ‘একসঙ্গে অনেকগুলো মাইক্রোফোন নিয়ে তিনি প্রায় আমার কাছে চলে আসছিলেন। আমি যতই সরছিলাম, তার হাত ততই আমার কাছে আসছিল।’
প্রভা আরও বলেন, ওই পরিস্থিতিতে সামান্য নড়াচড়া হলেই অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটতে পারত। তবে তিনি শেষ পর্যন্ত নিজেকে সামলে পরিস্থিতি এড়িয়ে যান বলে দাবি করেন।
পরীমনির সঙ্গে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনাটির প্রসঙ্গ টেনে প্রভা বলেন, কোনো নারী অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলে তার অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে আলোচিত সাংবাদিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

