
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ময়মনসিংহে জামায়াতের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের ওই নেতার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখা।
শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শহীদুল্লাহ্র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনা তৈরি হলে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে মহানগর জামায়াত। বৈঠকে তাঁর রুকনিয়াত সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট নেতার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। শহীদুল্লাহ্ দাবি করেছেন, এটি তাঁর ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনা করে দলীয় শৃঙ্খলা রক্ষায় তাঁর রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে শহীদুল্লাহ্র দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তাঁর মুঠোফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আগে থেকেই তাঁকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

