
ময়মনসিংহের নান্দাইলে জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে এক মসজিদের খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে অব্যাহতি দেয় মসজিদ পরিচালনা কমিটি। এ সিদ্ধান্ত ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে এ বক্তব্যের জেরে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয় বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়া বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তাঁর দায়িত্ব। বক্তব্য নিয়ে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। এভাবে হঠাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হয়নি।
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলেন। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তাঁর দাবি, খতিব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এক বছর আগে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করতে বললেও তিনি তা করেননি। এ ছাড়া মসজিদে রাজনৈতিক আলোচনা এবং গত জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার বিষয়টি নিয়েও আপত্তি ওঠে। এসব কারণে কমিটির সর্বসম্মতিক্রমে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

