
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গ্ল্যামার আর মিষ্টি হাসিতে ভক্তদের মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ভক্তদের দিলেন কফি খাওয়ার সরাসরি আমন্ত্রণ। তবে সেই আমন্ত্রণে জুড়ে দিয়েছেন মজার এক শর্ত—কফির বিল দিতে হবে ভক্তকেই, বিনিময়ে সঙ্গ দেবেন তিনি নিজেই!
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পাতায় কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। সাদা রঙের পোশাকে বেশ সাদামাটা অথচ আকর্ষণীয় সাজে দেখা গেছে তাঁকে।
ছবির একটিতে মৃদু হাসিতে কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন অভিনেত্রী। অন্য ছবিতে মিষ্টি দৃষ্টিতে তাকিয়েছেন ক্যামেরার দিকে। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেই ভক্তদের উদ্দেশে কফির আমন্ত্রণ জানান তিনি।
জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’
অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ আমন্ত্রণে সামাজিক মাধ্যমে বেশ সাড়া পড়েছে। ভক্ত-অনুরাগীরাও মজার মন্তব্যে মেতে উঠেছেন। অনেকেই জানিয়েছেন, জয়ার সঙ্গে কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে তাঁদের আপত্তি নেই।
অভিনয়ে দীর্ঘদিনের পথচলায় দুই বাংলাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার (ইস্ট) তিনবার অর্জন করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কারসহ পেয়েছেন নানা স্বীকৃতি।

