‘আমাকে দেখতে কি নেশাখোরের মতো লাগে?’ প্রশ্ন আনুশেহর

‘আমাকে দেখতে কি নেশাখোরের মতো লাগে?’ প্রশ্ন আনুশেহর - the Bengali Times
আনুশেহ আনাদিল

দীর্ঘদিন ধরে গানের মঞ্চে অনুপস্থিত দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক গঠন ও গান থেকে দূরে থাকা নিয়ে কথা বলেছেন তিনি। একই সঙ্গে নেশার কারণে গান ছেড়েছেন—এমন ধারণার বিরুদ্ধেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই শিল্পী।

ভিডিওতে আনুশেহকে বেশ রোগা গড়নে দেখা যায়। চোখের নিচে কালো দাগ, এলোমেলো চুল—এমন উপস্থিতি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তবে নিজের চেহারা নিয়ে সমালোচনার জবাবে আনুশেহ প্রশ্ন তোলেন, ‘আমাকে দেখতে কি হিরোঞ্চির মতো লাগে? না কি কোনো নেশাখোরের মতো লাগে?’

- Advertisement -

তিনি বলেন, ‘আমি দেখতে অনেক চিকন! চিকন হয়েছি, এটা সত্যি! হয়তোবা আমি আমার নিজের যত্ন ঠিকমতো নিই না। এটাও সত্যি। আমি চেষ্টা করছি।’

নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করতে ভক্তদের অনুরোধ জানিয়েছেন আনুশেহ। তাঁর ভাষায়, ‘আমাকে নিয়ে এত চিন্তা কইরেন না, প্লিজ। আর দূর থেকে বসে আমাকে বিচার কইরেন না। এটাও ভাইবেন না, নেশার কারণে আমি গান ছেড়েছি বা গান গাইতে পারি না।’

গান গাওয়ার সক্ষমতা এখনো রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি কয়েকজন নারীর জন্য গান গেয়েছেন। তবে বড় কনসার্ট কিংবা বাণিজ্যিকভাবে গান করার পথে এখন আর হাঁটছেন না তিনি। নিজের জীবনকে সহজ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এই শিল্পী।

আনুশেহ বলেন, ‘আমি এখন বড় বড় কনসার্ট করি না। আমি কমার্শিয়ালি গান করি না। আমি আমার জীবনে কিছু সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার জীবনটাকে সহজ করব। আমি ওই পথেই আছি।’

নিজের তৈরি মাটির বাড়ির কথাও ভিডিওতে উল্লেখ করেন তিনি। শিল্পীর এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে তাঁর গানের স্মৃতি তুলে ধরে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। কেউ কেউ আবার দীর্ঘদিন তাঁকে গানের মঞ্চে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন।

তবে ভিডিওটি কোথা থেকে ছড়িয়েছে কিংবা কী প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট নয়।

শ্রবণশক্তির সমস্যায় গান থেকে দূরে

গত জুলাইয়ের শেষ দিকে আনুশেহ জানিয়েছিলেন, ধীরে ধীরে তাঁর শ্রবণক্ষমতা কমে যাচ্ছে। ‘টিনিটাস’ নামের সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে কানের ভেতরে সব সময় একধরনের শব্দ শুনতে পান এবং উচ্চ শব্দ তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানিয়েছিলেন, কানের ভেতরের শব্দ এতটাই তীব্র যে উচ্চ শব্দে তাঁর ব্যথা হয়। গান থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করতেই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।

বাংলাদেশের লোকসংগীতের পরিচিত মুখ আনুশেহ আনাদিল। ‘বাংলা’ ব্যান্ডের মাধ্যমে লালন, বাউল ও মরমি গানকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’, ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ ও ‘আমি ওপার হয়ে’।

দীর্ঘদিনের অনুপস্থিতির মধ্যে শিল্পীর নতুন এই ভিডিও ভক্তদের আবারও তাঁকে নিয়ে আলোচনায় ফিরিয়ে এনেছে। তবে তাঁর শারীরিক গঠন দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনযাপনের বিষয়ে তাঁর নিজের বক্তব্যকে গুরুত্ব দেওয়াই শ্রেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles