
শিশুশিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবেও। এবার জন্মদিনের প্রথম প্রহরে নতুন এক গ্ল্যামারাস রূপে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী।
সোমবার (২৬ অক্টোবর) ছিল দীঘির জন্মদিন। বিশেষ দিনটির শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। আর সেই ভিডিওতেই ভিন্ন সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে ধরা দেন এই অভিনেত্রী।
ভিডিওতে দীঘিকে দেখা যায় হালকা নীল রঙের খোলা গাউনে। পরিপাটি করে বাঁধা চুল, মানানসই সাজ আর হাতে নজরকাড়া ঘড়িতে তাঁর উপস্থিতিতে ছিল আভিজাত্যের ছোঁয়া। চারপাশে জ্বলতে থাকা লম্বা সাদা মোমবাতি, মুক্তার মালা আর ফুলের সাজে তৈরি করা হয়েছিল নান্দনিক পরিবেশ।
কখনো হাতে সূর্যমুখী ও গোলাপের বড় তোড়া নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দীঘি, কখনো আবার জন্মদিনের মোমবাতি নিভিয়েছেন। ভিডিওর সঙ্গে যুক্ত ছিল জন্মদিনের বিশেষ সংগীত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’
দীঘির এই নতুন সাজ ও আত্মবিশ্বাসী ভঙ্গি ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
২০০০ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন প্রার্থনা ফারদিন দীঘি। প্রয়াত চিত্রনায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রত চক্রবর্তীর একমাত্র মেয়ে তিনি। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দীঘি। পরে নায়িকা হিসেবে তাঁর অভিষেক হয় ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায়। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ওয়েব চলচ্চিত্রেও কাজ করছেন এই অভিনেত্রী।

