ভালবাসার আলিঙ্গন হাসপাতালে পাঠাল স্ত্রীকে, ভেঙে গেল পাঁজরের পাঁচটি হাড়

ভালবাসার আলিঙ্গন হাসপাতালে পাঠাল স্ত্রীকে, ভেঙে গেল পাঁজরের পাঁচটি হাড় - the Bengali Times
চীনে স্বামীর সাধারণ এক আলিঙ্গনে স্ত্রীর বুকের পাঁচটি পাঁজর ভেঙে গেছে

ভালোবাসার আলিঙ্গনও কখনো ভয়াবহ বিপদের কারণ হতে পারে! চীনে স্বামীর সাধারণ এক আলিঙ্গনে স্ত্রীর বুকের পাঁচটি পাঁজর ভেঙে গেছে। ফাটল ধরেছে আরও একটি পাঁজরে। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ওই নারীর গুরুতর হাড়ক্ষয় রোগ ধরা পড়ে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগার কথা বলায় স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন ওয়াং পদবির ওই ব্যক্তি। এ সময় হঠাৎ হাড় ভাঙার শব্দ শুনতে পান তিনি। ব্যথায় কাতর হয়ে মাটিতে বসে পড়েন তাঁর স্ত্রী।

- Advertisement -

স্বামীর দাবি, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন, অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ করেননি। প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি তাঁরা। পরে সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করার পর পরদিন সকালে হাসপাতালে যান।

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা জানান, ওই নারীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে চিড় ধরেছে। পরীক্ষায় তাঁর গুরুতর অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের বিষয়টি সামনে আসে।

চিকিৎসকদের বরাতে জানা যায়, ওই নারীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডায়েট করার পাশাপাশি প্রায়ই রাতের খাবার বাদ দিতেন তিনি। সূর্যালোকের সংস্পর্শেও খুব কম আসতেন। বাসা থেকে অল্প দূরত্বে থাকা পারিবারিক দোকানে দিনের বেশির ভাগ সময় কাটত তাঁর।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ইয়ান ইয়ানসিয়াং বলেন, তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়া অত্যন্ত বিরল। তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে হাড়ের দুর্বলতার সম্পর্ক থাকতে পারে।

চিকিৎসকেরা জানান, পাঁজর ভাঙার কারণে ফুসফুস বা এর আবরণে জটিলতা দেখা না দিলে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। ওই নারীকে অস্ত্রোপচার ছাড়াই ওষুধ, বিশেষ প্যাচ ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সুস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্টিওপোরোসিস এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত কিংবা স্বাভাবিক চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, হাড়ের সুস্থতা বজায় রাখতে সুষম খাবার, পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ।

- Advertisement -

Related Articles

Latest Articles