মেসির চোখে ফুটবলের ভবিষ্যতের ১০ মহাতারকা

মেসির চোখে ফুটবলের ভবিষ্যতের ১০ মহাতারকা - the Bengali Times
বিশ্ব ফুটবলের পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা

ফুটবলের মঞ্চে দীর্ঘদিন রাজত্ব করেছেন লিওনেল মেসি। এবার তার চোখ ভবিষ্যতের দিকে। বিশ্ব ফুটবলের পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এক প্রচারণায় মেসির বাছাই করা এই তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিভারা। তাদের মধ্যে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের উঠতি তারকা তোমাস আরান্দার নাম থাকায় বিশেষ আগ্রহ তৈরি হয়েছে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে।

- Advertisement -

প্রচারণাটির বার্তায় বলা হয়েছে, ‘দশটি অধ্যায়, যা খেলার ভবিষ্যৎ নতুন করে লিখবে। এটি এমন এক গল্প, যা মাত্র শুরু হয়েছে।’ অর্থাৎ মেসির চোখে এই তরুণরাই আগামী দিনে ফুটবলের গল্প নতুন করে লেখার সামর্থ্য রাখেন।

তালিকায় থাকা তোমাস আরান্দা ইতোমধ্যেই নিজের কারিগরি দক্ষতা ও সৃজনশীলতার জন্য নজর কেড়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনির নজরেও পড়েছেন তিনি। বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচের সফরের দলেও তরুণ এই ফুটবলারকে রেখেছিলেন স্ক্যালোনি।

তবে বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে আছেন আরান্দা। ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফিরলে তার সামর্থ্যের আরও বড় প্রমাণ মিলতে পারে বলে মনে করছেন ফুটবলসংশ্লিষ্টরা।

মেসির তালিকায় শুধু পুরুষ ফুটবলাররাই নন, জায়গা পেয়েছেন নারী ফুটবলের তিন তরুণ প্রতিভাও। ইংল্যান্ডের ক্লোয়ে সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির লোত্তা ভ্রেদে রয়েছেন এই তালিকায়।

এ ছাড়া তুরস্কের জান উজুন, মেক্সিকোর জিলবের্তো মোরা, ইংল্যান্ডের ম্যাক্স ডোম্যান, যুক্তরাষ্ট্রের জাভিয়ের গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ এবং নেদারল্যান্ডসের কেস স্মিটও মেসির বাছাইয়ে জায়গা পেয়েছেন।

মেসির মতো একজন কিংবদন্তির চোখে স্বীকৃতি পাওয়া এসব তরুণের জন্য নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা। এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে তারা কতটা নিজেদের প্রমাণ করতে পারেন এবং সত্যিই কি মেসির প্রত্যাশা অনুযায়ী বিশ্ব ফুটবলের নতুন তারকা হয়ে উঠতে পারেন।

মেসির বাছাই করা ভবিষ্যতের ১০ তারকা

১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. জিলবের্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডোম্যান — ইংল্যান্ড, আর্সেনাল
৫. জাভিয়ের গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ে সারউই — ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওনেস
১০. লোত্তা ভ্রেদে — জার্মানি, হামবুর্গার এসভি

- Advertisement -

Related Articles

Latest Articles