
কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং পরে তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। ঘটনায় নাসীরুদ্দীনসহ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এনসিপির নেতাদের দাবি, শিলাইদহ ঘুরে নাসীরুদ্দীন পাটওয়ারী কয়েকজন সহযোগীকে নিয়ে লালন আখড়াবাড়িতে যান। সেখান থেকে বের হওয়ার সময় ছবি তোলার কথা বলে এক নারী তার দিকে ডিম ছোড়েন। এরপর ২০ থেকে ২৫ জন যুবক এসে তাকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন। এ সময় তাকে রক্ষা করতে গেলে কয়েকজন নেতাকর্মীও আহত হন।
পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা নাসীরুদ্দীনের গাড়িতে ইট ছোড়া হলে এর কাচ ভেঙে যায়। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, ইটের আঘাতে নাসীরুদ্দীনের হাতে লাগে। তিনি ছাড়াও আরও দুজন আহত হয়েছেন।
এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, ছাত্রদল এ ধরনের হামলার রাজনীতি বিশ্বাস করে না এবং ঘটনার সঙ্গে সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

