
প্রথম ডেট মানেই নতুন একজন মানুষকে কাছ থেকে জানার সুযোগ
প্রথম ডেট মানেই নতুন একজন মানুষকে কাছ থেকে জানার সুযোগ। তবে প্রথম সাক্ষাতের উত্তেজনায় অনেকেই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলেন। এতে কখনো কখনো সম্পর্ক শুরুর আগেই তৈরি হতে পারে অস্বস্তি। তাই প্রথম ডেটে কিছু বিষয় এড়িয়ে চলাই ভালো।
পুরোনো সম্পর্কের বিস্তারিত গল্প
‘এখনো একা কেন’—এমন প্রশ্ন আসতেই পারে। তবে প্রথম দেখাতেই আগের সম্পর্ক কতটি ছিল, কেন ভেঙেছে বা সাবেক সঙ্গীর সঙ্গে কী ঘটেছিল, তার বিস্তারিত বলা জরুরি নয়। সম্পর্ক কিছুটা এগোনোর পর এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা যেতে পারে।
অতিরিক্ত ব্যক্তিগত তথ্য
বেতন, পারিবারিক দ্বন্দ্ব, ব্যক্তিগত অভ্যাস কিংবা খুব ঘনিষ্ঠ কোনো তথ্য প্রথম আলাপেই প্রকাশ না করাই ভালো। কোনো প্রশ্নে অস্বস্তি হলে বিনয়ের সঙ্গে জানিয়ে দিতে পারেন, বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চান না।
ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত উদ্বেগ
চাকরি পরিবর্তন, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা থাকতেই পারে। কিন্তু নিজেকে যোগ্য প্রমাণ করতে গিয়ে প্রথম ডেটেই এসব নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সংক্ষেপে নিজের অবস্থান জানিয়ে আলাপকে স্বাভাবিক রাখাই ভালো।
মেসেজের জবাব দিতে দেরির কৈফিয়ত
কেন মেসেজের উত্তর দিতে দেরি হয়েছে—এ নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ারও দরকার নেই। কাজের ব্যস্ততা বা মেসেজ চোখে না পড়া খুবই স্বাভাবিক। সম্পর্কের শুরুতেই প্রতিটি কাজের হিসাব দিতে অভ্যস্ত হয়ে গেলে পরবর্তী সময়ে অতিরিক্ত অধিকারবোধ তৈরি হতে পারে।
প্রথম ডেটের মূল উদ্দেশ্য নিজেকে প্রমাণ করা নয়, বরং দুজনের মধ্যে স্বচ্ছন্দতা ও বোঝাপড়ার শুরু করা। তাই অতিরিক্ত ব্যক্তিগত তথ্য না বলে স্বাভাবিকভাবে কথা বলা এবং ধীরে ধীরে একে অপরকে জানার সুযোগ দেওয়াই সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সবচেয়ে ভালো উপায়।

