
সকালের শুরুটা কেমন হচ্ছে, তার প্রভাব পড়ে পুরো দিনের কাজ, মনোযোগ ও মেজাজে। তাই ঘুম থেকে ওঠার পরের কয়েকটি ছোট অভ্যাসই দিনটাকে করে তুলতে পারে আরও গোছানো ও প্রাণবন্ত।
প্রতিদিন সকালে অভ্যাস করতে পারেন এমন ৮টি বিষয়—
১. ঘুম থেকে উঠেই পানি পান করুন
রাতভর ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে। তাই ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করে দিন শুরু করা ভালো অভ্যাস।
২. বিছানা গুছিয়ে নিন
ছোট কাজ হলেও ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলে দিনের শুরুতেই একটি কাজ সম্পন্ন করার অনুভূতি পাওয়া যায়। পাশাপাশি ঘরও থাকে পরিপাটি।
৩. শরীরকে সক্রিয় করুন
সকালে কিছুক্ষণ হাঁটা, হালকা ব্যায়াম বা শরীর টানটান করার ব্যায়াম করতে পারেন। এতে ঘুমঘুম ভাব কাটিয়ে শরীরকে সক্রিয় করতে সাহায্য করবে।
৪. দিনের কাজের তালিকা করুন
সকালে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করে নিন। কোন কাজটি আগে এবং কোনটি পরে করবেন, তা নির্ধারণ করলে সময়কে আরও ভালোভাবে কাজে লাগানো সহজ হয়।
৫. কিছুক্ষণ নিজের জন্য রাখুন
কয়েক মিনিট নীরবে বসা, গভীর শ্বাস নেওয়া, প্রার্থনা কিংবা ধ্যান—যেকোনো একটি অভ্যাস দিয়ে সকাল শুরু করতে পারেন। এতে মনকে কিছুটা শান্ত ও স্থির রাখা সম্ভব।
৬. সকালের আলোতে থাকুন
সকালের প্রাকৃতিক আলো শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সহায়তা করে। তাই সম্ভব হলে কিছুক্ষণ বারান্দা, উঠান কিংবা জানালার পাশে সকালের আলোতে সময় কাটান।
৭. পুষ্টিকর নাশতা করুন
সকালের নাশতা বাদ না দিয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। ডিম, ফল, দই, শস্যজাতীয় খাবারসহ সহজ ও পুষ্টিকর খাবার বেছে নিতে পারেন।
৮. ঘুম থেকে উঠেই ফোনে ডুববেন না
চোখ খোলার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, বার্তা কিংবা নানা বিজ্ঞপ্তিতে ব্যস্ত হয়ে পড়লে দিনের শুরুতেই মনোযোগ ছড়িয়ে যেতে পারে। তাই সম্ভব হলে সকালের প্রথম কিছুটা সময় ফোন থেকে দূরে থাকুন।
সবগুলো অভ্যাস একসঙ্গে শুরু করার দরকার নেই। নিজের জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে ধীরে ধীরে কয়েকটি অভ্যাস রপ্ত করুন। নিয়মিত চর্চা করলে সকালের অল্প কিছু সময়ই হয়ে উঠতে পারে সারাদিন ভালো থাকার সুন্দর প্রস্তুতি।

