ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও ড্রাইভারকে দেখাতে চেয়েছিলেন রাধিকা, কেন?

ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও ড্রাইভারকে দেখাতে চেয়েছিলেন রাধিকা, কেন? - the Bengali Times
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে প্রায় এক যুগ আগে তার অভিনীত ‘পার্চড’ সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেটি আজও ভুলতে পারেননি এই অভিনেত্রী।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ থ্রি’ ওয়েব সিরিজের প্রচারের অংশ হিসেবে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন রাধিকা।

- Advertisement -

অভিনেত্রী জানান, দৃশ্যটি ফাঁস হওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি তিনি। কারণ বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে শুরু করেছিল।

রাধিকার ভাষ্য, কোনো একটি দৃশ্য ফাঁস হওয়ার পর সেটি দেখে কেউ ক্ষুব্ধ হয়ে তার বাড়ির দরজায় এসে দাঁড়াতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল। ফলে পরিস্থিতি তার কাছে অত্যন্ত জটিল ও আতঙ্কের হয়ে উঠেছিল।

গাড়িচালক বারবার দেখছিলেন ভিডিও

ফাঁস হওয়া ভিডিওকে ঘিরে আরও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাধিকা। তার স্টাইলিস্ট একদিন তাকে জানান, গাড়িচালক ফাঁস হওয়া ক্লিপটি বারবার দেখছেন। এমনকি তিনি স্টাইলিস্টকে প্রশ্নও করছিলেন—তিনি কি রাধিকার বাড়িতে যাচ্ছেন?

শুধু গাড়িচালক নন, রাধিকার ওয়াচম্যানও ভিডিওটি দেখেছিলেন। বিষয়টি জানার পর নিরাপত্তা নিয়ে আরও চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রী।

তখনই তিনি নিজের গাড়িচালক ও স্পট দাদাকে ডেকে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নেন।

কেন নিজেই ভিডিও দেখাতে চেয়েছিলেন?

রাধিকা জানান, তিনি গাড়িচালক ও স্পট দাদাকে বলেছিলেন—ফাঁস হওয়া ক্লিপটি তারা দেখেছেন কি না। যদি না দেখে থাকেন, তাহলে তিনি নিজেই সেটি তাদের পাঠিয়ে দেবেন।

এর পেছনে তার উদ্দেশ্য ছিল নিজের নিরাপত্তা নিশ্চিত করা। রাধিকা বুঝতে চেয়েছিলেন, তার সঙ্গে কাজ করা মানুষদের কাছে ওই দৃশ্যটি নিয়ে কোনো ধরনের অস্বস্তি বা ভিন্ন মনোভাব তৈরি হয়েছে কি না।

তিনি তাদের স্পষ্ট করে জানিয়েছিলেন, যদি তারা তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তাহলে কাজ চালিয়ে যেতে পারেন। আর যদি বিষয়টি তাদের জন্য অস্বস্তিকর হয়, তাহলে চাইলে কাজ ছেড়ে দিতে পারেন।

তখন একাই থাকতেন রাধিকা

ওই সময় রাধিকা একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন। ফলে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা নিয়ে তার ভয় আরও বেড়ে যায়।

অভিনেত্রী বলেন, সেই সময় তিনি সত্যিই আতঙ্কিত ছিলেন। কারণ ফাঁস হওয়া ভিডিওকে কেন্দ্র করে তার ব্যক্তিগত জীবনে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না।

তবে শেষ পর্যন্ত তার গাড়িচালক ও স্পট দাদা তাকে আশ্বস্ত করেন। তারা জানান, তারা রাধিকার খেয়াল রাখবেন এবং তাকে নিরাপত্তা দেবেন।

রাধিকার মতে, ঘটনাটি শুধু একটি ভিডিও ফাঁসের ঘটনা ছিল না। এর সঙ্গে জড়িয়ে গিয়েছিল তার ব্যক্তিগত নিরাপত্তা, কর্মক্ষেত্র এবং মানসিক স্বস্তির বিষয়ও।

বর্তমানে অভিনয়জীবনে ব্যস্ত এই অভিনেত্রী। ‘লাস্ট স্টোরিজ থ্রি’তে অভিনয়ের পাশাপাশি সন্তান ও সংসারও সামলাচ্ছেন তিনি। ২০১১ সালে লন্ডনে নাচ শেখার সময় ব্রিটিশ বেহালাবাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে তার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন তারা। বিয়ের ১২ বছর পর, ২০২৪ সালে এই দম্পতি সন্তানের বাবা-মা হন।

- Advertisement -

Related Articles

Latest Articles