অন্য যুবকের ঘনিষ্ঠতা, ছাত্রীকে জোর করে কীটনাশক খাওয়ানোর অভিযোগ

অন্য যুবকের ঘনিষ্ঠতা, ছাত্রীকে জোর করে কীটনাশক খাওয়ানোর অভিযোগ - the Bengali Times
অন্য এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে না পেরে ২০ বছর বয়সী এক প্রকৌশল শিক্ষার্থীকে জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক লেকচারারের বিরুদ্ধে

অন্য এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে না পেরে ২০ বছর বয়সী এক প্রকৌশল শিক্ষার্থীকে জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক লেকচারারের বিরুদ্ধে। ঘটনাটি প্রথমে আত্মহত্যা হিসেবে সামনে এলেও তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। ভারতের তেলেঙ্গানায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীর নাম থান্দ্রা অক্ষিতারানি। কীটনাশক পান করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার মামলা করলেও পরে তদন্তে হত্যার আলামত পাওয়া যায়।

- Advertisement -

পুলিশের দাবি, ডিপ্লোমা পড়ার সময় অক্ষিতারানির সঙ্গে নাসপুরের একটি পলিটেকনিকে কর্মরত লেকচারার নবীন কুমারের পরিচয় হয়। পরে অক্ষিতারানি মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়তে হায়দরাবাদে চলে যান। সেখানে একটি খনিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় রবি কুমারের সঙ্গে তার পরিচয় হয়।

তদন্তকারীদের অভিযোগ, অক্ষিতারানি নবীনের কাছ থেকে দূরে সরে রবি কুমারের ঘনিষ্ঠ হয়ে ওঠায় ক্ষুব্ধ হন নবীন। গত ১২ সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে এফসিআই ক্রসিং এলাকায় অক্ষিতারানিকে আটকে নিজের গাড়িতে তুলে নেওয়া হয় বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, গাড়িতে অক্ষিতারানিকে রবি কুমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগসংবলিত একটি নোট লিখতে বাধ্য করা হয়। এরপর তাকে জোর করে কীটনাশক পান করানো হয় বলে অভিযোগ। এমনকি হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

পরে অক্ষিতারানির মুঠোফোন ব্যবহার করে তার বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। এর মাধ্যমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের অভিযোগ।

গোদাবরিখানির সরকারি হাসপাতালে ভর্তি করার পর ১৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় অক্ষিতারানির মৃত্যু হয়। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ, ফোনের তথ্য ও কথোপকথনের রেকর্ডসহ বিভিন্ন প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে।

তদন্তের ভিত্তিতে নবীন কুমারকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। গত ২০ সেপ্টেম্বর ৩৮ বছর বয়সী নবীন কুমার ও ৩৫ বছর বয়সী রবি কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি গাড়ি ও কয়েকটি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles