‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’

‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’ - the Bengali Times
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগের জেরে বিশ্বের একটি বড় এআই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ওই কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘জেলে যাওয়ার প্রস্তুতি নিন। যাওয়ার আগে স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন।’ সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া সাক্ষাৎকারে নিজেই এ ঘটনা প্রকাশ করেন ট্রাম্প।

তবে কাকে এবং কোন প্রতিষ্ঠানের কর্মকর্তাকে এমন হুমকি দিয়েছিলেন, তা স্পষ্ট করেননি তিনি। ফলে প্রযুক্তি দুনিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও ওই ব্যক্তির পরিচয় এখনো অজানা।

- Advertisement -

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে কেউ ক্ষতিকর কিছু করার চেষ্টা করছেন—এমন খবর পেয়েছিলেন তাঁরা। বিষয়টি জানার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তাঁরা ওই ব্যক্তিকে ফোন করে বলেন, জেলে যাওয়ার প্রস্তুতি নিতে।

তিনি আরও বলেন, ওই কর্মকর্তাকে মাত্র এক রাত সময় দেওয়া হয়েছিল। বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে আসার পরামর্শও দেওয়া হয় তাঁকে। ট্রাম্পের কথায়, ‘এখনই বাড়ি চলে যান। স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করুন। তাঁদের চুমু দিয়ে আসুন। কারণ আগামীকাল সকালে আপনাকে জেলে যেতে হবে।’

কে সেই এআই কর্মকর্তা?

ট্রাম্প ওই ব্যক্তিকে বিশ্বের বড় একটি এআই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করলেও তাঁর নাম বা প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করেননি। এ নিয়ে প্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় এলেও সেগুলোর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রযুক্তি প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ নির্বাহীর পারিবারিক অবস্থা নিয়েও সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। তবে তাঁদের কাউকেই ট্রাম্পের হুমকি পাওয়া ব্যক্তি হিসেবে চিহ্নিত করার মতো নির্ভরযোগ্য তথ্য নেই। ফলে বিষয়টি এখনো রহস্যের মধ্যেই রয়েছে।

এআইয়ের ঝুঁকি নিয়ে ট্রাম্পের বক্তব্য

সাক্ষাৎকারে এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। গবেষকদের একটি অংশ দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, নিয়ন্ত্রণহীন এআই ভবিষ্যতে মানবজাতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তবে এসব আশঙ্কাকে অতিরঞ্জিত বলে মনে করেন ট্রাম্প।

তাঁর মতে, এআইয়ের ঝুঁকি যতটা বড় করে তুলে ধরা হচ্ছে, বাস্তবে তা ততটা ভয়াবহ নয়। যথাযথ ব্যবস্থাপনা ও নিরাপত্তাবিধির মাধ্যমে এসব ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।

চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

এআই প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে পিছিয়ে পড়লে চীন এগিয়ে যাবে। এতে ওয়াশিংটন কৌশলগতভাবে বড় অসুবিধায় পড়বে।

ট্রাম্প বলেন, এআই প্রযুক্তি চীন অর্জন করবেই। যুক্তরাষ্ট্র এগোতে না পারলে চীন সেই সুযোগ নেবে। তাই নিরাপত্তার স্বার্থে কিছু বিধিনিষেধ আরোপে তাঁর আপত্তি নেই, তবে এমন কোনো নিয়ন্ত্রণ চান না, যাতে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।

এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রযুক্তিটির ঝুঁকি নিয়ন্ত্রণের পাশাপাশি বিশ্বে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শীর্ষ অবস্থান ধরে রাখাই তাঁর অগ্রাধিকার।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নিরাপদ এআই উন্নয়নের লক্ষ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একটি স্বেচ্ছামূলক সমঝোতায় সই করে। প্রযুক্তিটির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে এর নিরাপত্তা, ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্কও বাড়ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles