৪০ হাজার টাকার বিশেষ বালিশ, ভারতীয় তরুণী ভাইরাল

৪০ হাজার টাকার বিশেষ বালিশ, ভারতীয় তরুণী ভাইরাল - the Bengali Times
পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিপনদীপ সম্প্রতি জাপান সফরে গিয়ে বালিশটি কেনেন

ভালো ঘুমের জন্য কত টাকা খরচ করা যায়? এই প্রশ্নেরই যেন ব্যতিক্রমী উত্তর দিলেন ভারতীয় তরুণী বিপনদীপ কৌর। ঘাড়ের দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি এবং ঘুমের মান উন্নত করার আশায় জাপান থেকে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে একটি বিশেষ বালিশ কিনেছেন তিনি। নিজের কেনাকাটার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই ভাইরাল হয়ে পড়েছে তাঁর ভিডিও।

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিপনদীপ সম্প্রতি জাপান সফরে গিয়ে বালিশটি কেনেন। গত ৪ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেনাকাটার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘ সময় ল্যাপটপে কাজ করা ও মোবাইল ফোন ব্যবহারের কারণে বেশ কিছুদিন ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন। তাই ভালো ঘুমের জন্য এই বালিশকে তিনি বিনিয়োগ হিসেবেই দেখছেন।

- Advertisement -

বিপনদীপ জানান, ভারতের একমুখী উড়োজাহাজের টিকিট কেটে জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে নিহনবাশিতে অবস্থিত জাপানি শয্যাসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘নিশিকাওয়া’র প্রায় ৪০০ বছরের পুরোনো একটি দোকান থেকে বালিশটি কেনেন।

যেভাবে তৈরি হলো বিশেষ বালিশ

বিপনদীপের দাবি, বালিশটি কেনার আগে তাঁর শরীরের গঠন, ঘাড়ের অবস্থান ও ঘুমের অভ্যাস বিস্তারিতভাবে পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। প্রথমে ঘাড়ের ভঙ্গি পরিমাপ করা হয়। এরপর বিভিন্ন উচ্চতার বালিশে শুইয়ে তাঁর জন্য উপযুক্ত উচ্চতা নির্ধারণ করা হয়। পাশাপাশি বালিশের জন্য কোন ধরনের কাপড় উপযোগী, সেটিও যাচাই করেন তাঁরা।

সব পরীক্ষা ও পরিমাপ শেষে তাঁর প্রয়োজন অনুযায়ী বালিশটি তৈরি করা হয়। এর ভেতরে ব্যবহার করা হয়েছে ‘বিনচোতান’ নামে পরিচিত বিশেষ ধরনের কাঠকয়লা থেকে তৈরি ছোট দানাদার উপাদান। এগুলো বালিশের ভেতরের ভরাট উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

‘ঘুমের জন্য এটি ভালো বিনিয়োগ’

বালিশের পেছনে এত অর্থ ব্যয়ের কারণ ব্যাখ্যা করে বিপনদীপ বলেন, আগে ঘুমের বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দেননি তিনি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের মান খারাপ হতে শুরু করে। দীর্ঘ সময় ল্যাপটপ ও মুঠোফোন ব্যবহারের প্রভাব তাঁর ঘাড়ের ওপরও পড়েছে বলে মনে করেন তিনি।

বিপনদীপের কথায়, ঘুমাতে তিনি খুব ভালোবাসেন। তাই ঘুমের মান উন্নত করার জন্য এই খরচকে তাঁর কাছে ভালো বিনিয়োগ মনে হয়েছে। নতুন বালিশটি ঘাড়ের ব্যথা কমাতে এবং আরামদায়ক ঘুম নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।

সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

বিপনদীপের ভিডিও প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর পোস্টের তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টায় ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়।

অনেকে ভালো ঘুমের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার একটি বালিশের পেছনে এত টাকা খরচের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

একজন মন্তব্য করেছেন, ‘ইস, আমার কাছেও যদি এমন টাকা থাকত!’ আরেকজন লিখেছেন, ‘বাহ, এটি সত্যিই সার্থক।’ তবে ভিন্নমতও রয়েছে। একজন ব্যবহারকারীর পরামর্শ, বাড়ি ফেরার পর ফোন বন্ধ রাখার অভ্যাস গড়ে তুললেই হয়তো এত টাকা খরচ করতে হতো না।

সব মিলিয়ে, ঘুমের আরামের জন্য ৪০ হাজার টাকার বালিশ কেনার ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles