অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে আনাসের সেই ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে আনাসের সেই ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য - the Bengali Times
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়ার আনাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়ার আনাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে আটকের কয়েক ঘণ্টা আগে ওই পোস্টটি দিয়েছিলেন তিনি।

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদমাধ্যমের খবরের ছবি শেয়ার করে আনাস লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।’ পোস্টে তিনি দাবি করেন, দামী জিনিসপত্র শিশুদের জীবনের জন্য হুমকির কারণ হতে পারে। অপ্রতিমের বাবা-মায়ের জন্য ধৈর্য কামনা করেও লেখেন তিনি।

- Advertisement -

অপ্রতিমের সঙ্গে নিজের পরিচয়ের কথাও পোস্টে উল্লেখ করেন আনাস। তিনি লেখেন, মাঝেমধ্যে অপ্রতিম তাকে বার্তা দিয়ে কোথায় আছেন জানতে চাইত এবং ছবি তোলার কথা বলত। অপ্রতিমের মৃত্যুর পর এসব স্মৃতি মনে করে তার খারাপ লাগছে বলেও উল্লেখ করেন আনাস।

পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আনাসকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপ্রতিমের সঙ্গে ঘোরাঘুরি করা তুহিনকে প্রথমে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে শাহরিয়ার আনাসকে আটক করা হয়।

অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিন ও আনাস ছাড়াও ফাহিম নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ফাহিমের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সি অপ্রতিম। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল সে। এরপর আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোঁপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ধারণা করা হচ্ছে, মায়ের আইফোনটি নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানায়নি পুলিশ।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে জেলা পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles