
সব কষ্ট চাইলেই কি ভুলে যাওয়া যায়? সব স্মৃতি কি মুছে ফেলা যায়। হোক সে স্মৃতি ভালো লাগার স্মৃতি,ভালোবাসার স্মৃতি সে স্মৃতির মানুষটা যখন হারিয়ে যায় তখন সেটা হয়ে যায় শুধু কষ্টের সে শুধু কাঁদায় ,ভীষন ভাবে কাঁদায়।সে কান্না আমি কোন ভাবেই থামাতে পারি না।
কেউ কেউ পারে জীবন স্বভাবিক ভাবে চালিয়ে নিতে আমি পারি না। সব স্মৃতি অকারনেই হঠাৎ হঠাৎ আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে যায়। ভালো বেসে যে উপহার গুলো আমাকে দিয়েছে বিভিন্ন সময়ে কতো আনন্দ করে ব্যবহার করেছি সে গুলো। এইতো চারমাস আগে যখন ওকে দেখতে গেলাম তখনও নিজের হাতের একটা বালা আমার হাতটা টেনে নিয়ে পড়িয়ে দিতে দিতে বললো ছোট আপু এটা তোমার জন্য রেখেছি। আমি হাসতে হাসতে বলেছিলাম ,পাগল মেয়ে আমার জন্য কেনো রেখেছো আমি কি বাচ্চা মেয়ে নাকি?
তোমার বালা তোমার কাছেই থাক, আমার কখনো ইচ্ছে হলে তোমার কাছ থেকে নিয়ে পরবো।আমিতো আছি আরো কিছু দিন দেশে। কিন্তু ও মানলো না।আমি নাকি কবে বলেছিলাম ওর বালাটা সুন্দর। যে কথা আমার নিজেরও মনে নেই। আদুরে মিষ্টি কন্ঠে বলেছিলো,এটা আমার স্মৃতি। যখন বালাটা পড়বে আমার কথা মনে হবে।সত্যি সব কিছু স্মৃতি হয়ে গেলো। ওর এই বালাটা কি আমি কখনো পরতে পারবো? আজ আমার স্বামী কে শম্পার নানা সময়ে দেয়া উপহার গুলো দেখাতে গিয়ে বালাটা আমার হাতে নিয়ে আমার বুকের ভেতরটা ভেঙে চুরে গেলো। কান্না কোনো ভাবেই থামাতে পারছিলাম না।
বার বার শুধু বলছিলাম কেনো চলে গেলে শম্পা? এমন একটা মিষ্টি লক্ষী আমাদের বাড়ির ছোট বউটা আমাদের ছেড়ে চলেই গেলো।আমাদের এতো ভালোবাসা ,দোয়া কিছু দিয়েই শম্পাকে আমরা ধরে রাখতে পারলাম না। গতকাল শম্পার কুলখানি দোয়া হয়ে গেলো। আমি এখনো যেনো ভাবতে পারছি না আমাদের অনেক আদরের শম্পা আমাদের মাঝে আর নেই।

