
‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজটি।
বৃহস্পতিবার মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে জিডি করেন।
তুরাগ থানা সূত্রে জানা যায়, জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির কোনো শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।
জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি মাইলস্টোন কলেজের পরিচয় ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন বিষয়ে বক্তব্য দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, এভাবে প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।

