
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গোল্ডেন বুট নয়, তার একমাত্র লক্ষ্য ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।
সংবাদ সম্মেলনে কেইন বলেন, ‘আমার প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা। গোল্ডেন বুট অবশ্যই বড় অর্জন, কিন্তু সেটি কখনোই বিশ্বকাপ জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। যদি একটিকে বেছে নিতে হয়, আমি অবশ্যই বিশ্বকাপ ট্রফিকেই বেছে নেব।’
২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। এবারের আসরেও তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকলেও ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে ভাবতে চান না বলে জানান।
নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের সঙ্গে তুলনা প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বলেন, দুজনের খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। তার ভাষায়, হালান্ড শারীরিকভাবে অসাধারণ শক্তিশালী এবং দুর্দান্ত গোলদাতা, আর তিনি নিজে খেলায় আরও বেশি সম্পৃক্ত থাকতে পছন্দ করেন। তাই তাদের মধ্যে সরাসরি তুলনা করা ঠিক হবে না।
কেইন আরও বলেন, নরওয়েকে হারাতে শুধু হালান্ডকে আটকে রাখলেই হবে না। মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সোরলোথসহ দলটির অন্য খেলোয়াড়রাও সমানভাবে বিপজ্জনক। তাই পুরো দলকেই গুরুত্ব দিতে হবে।
এদিকে নরওয়ের বিপক্ষে মাঠে নামলেই ইংল্যান্ডের কিংবদন্তি ওয়েন রুনির ১২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন কেইন। এই অর্জনকে গর্বের বলে উল্লেখ করলেও তিনি বলেন, তার পুরো মনোযোগ এখন কোয়ার্টার ফাইনাল ম্যাচে।
ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলও অধিনায়কের প্রশংসা করে বলেন, হ্যারি কেইন একজন আদর্শ নেতা। তিনি সবসময় দলের স্বার্থকে প্রাধান্য দেন এবং নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন।
বর্তমানে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এগিয়ে থাকলেও কেইনের দৃষ্টি কেবল বিশ্বকাপ শিরোপা জয়ের দিকেই।

