
কোনো ধরনের বাইরের সহায়তা ছাড়াই একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন অভিযাত্রী কেলসি ফেন্ডলার। একই সঙ্গে তিনি এই কৃতিত্ব অর্জনকারী প্রথম মার্কিন নারী হিসেবেও ইতিহাসে নাম লিখিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২১ মে ক্যালিফোর্নিয়ার মন্টেরি থেকে ২১ ফুট দীর্ঘ একটি নৌকায় যাত্রা শুরু করেন কেলসি। টানা ৪৩ দিন ১৭ ঘণ্টা ৫৫ মিনিট সমুদ্রে থাকার পর গত ৩ জুলাই রাতে তিনি হাওয়াই উপকূলে পৌঁছান। এ সময় তিনি প্রায় ২ হাজার ৪০০ মাইল দীর্ঘ সমুদ্রপথ অতিক্রম করেন।
এই যাত্রার মাধ্যমে নারীদের আগের ৮৬ দিনের রেকর্ড ভেঙে দেন কেলসি। শুধু তাই নয়, ক্যালিফোর্নিয়া-হাওয়াই রুটে পুরুষদের দ্রুততম ৫২ দিনের রেকর্ডও পেছনে ফেলে এককভাবে সবচেয়ে কম সময়ে এই পথ অতিক্রমের নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।
এ ছাড়া ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই পর্যন্ত একক সমুদ্রযাত্রা সফলভাবে সম্পন্ন করা সর্বকনিষ্ঠ নারী হিসেবেও নতুন রেকর্ডের মালিক হয়েছেন কেলসি ফেন্ডলার।
দীর্ঘ এই অভিযানে তাকে সম্পূর্ণ একাই প্রতিকূল আবহাওয়া, উত্তাল ঢেউ এবং সমুদ্রের নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। তার এই সাফল্য একক সমুদ্রযাত্রার ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

