
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখতে যাওয়া এক সাবেক শিক্ষার্থীকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী কর্মসূচির ডাক দিয়েছেন কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।
ঘটনাটিকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে নারী শিক্ষার্থীদের নিয়ে শহীদুল্লাহ হল মাঠে বসে খেলা দেখার কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাত্রী জানান, আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে বসে উপভোগ করবেন।
তিনি বলেন, ম্যাচ শেষে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে স্মারকলিপি দেওয়া হবে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।

