
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খামারগুলোতে দেখা গেছে ভিন্নধর্মী প্রচারণা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে খামারিরা তাদের পালিত পশুর নাম রেখেছেন বিশ্বের আলোচিত নেতাদের নামে। আর সেই অভিনব নামকরণের কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে পশুগুলো।
খামারিদের দাবি, ভাইরাল হওয়ার পর থেকেই দূর-দূরান্ত থেকে ক্রেতারা খামারে ভিড় করছেন। ফলে ঈদের আগেই অধিকাংশ পশু বিক্রি হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল ‘নেতানিয়াহু’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের দুটি মহিষকে ঘিরে। বন্দরের দাসেরগাঁ এলাকার ‘এসএস ক্যাটেল’ খামারে থাকা বিশাল আকৃতির এলবিনো জাতের মহিষটির নাম রাখা হয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু-এর নামে। ভাইরাল হওয়া ওই মহিষটি শেষ পর্যন্ত ঢাকার এক ব্যবসায়ী সাড়ে ৬ লাখ টাকায় কিনে নেন।
অন্যদিকে পাইকপাড়া এলাকার ‘রাবেয়া এগ্রো ফার্মে’ থাকা গোলাপি রঙের মহিষটির নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প-এর নামে। সেটিও সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ।
খামারিরা জানান, গত বছর চলচ্চিত্র তারকাদের নামে পশুর নামকরণ করে ভালো সাড়া পাওয়া যায়। এবার বিশ্ব নেতাদের নামে নাম রাখায় মানুষের আগ্রহ আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় খামারে ক্রেতাদের ভিড়ও বেড়েছে কয়েকগুণ।
এসএস ক্যাটেল ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, তাদের খামারে প্রায় আড়াইশ পশু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ পশু ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। অনেক ক্রেতা জায়গার অভাবে পশু খামারেই রেখে গেছেন, যা ঈদের আগের দিন নিয়ে যাবেন।
বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আহসান উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার এবং অভিনব প্রচারণার ফলে খামারিরা এবার হাটে না গিয়েও ভালো দামে পশু বিক্রি করতে পারছেন। এতে স্থানীয় খামার শিল্পও উপকৃত হচ্ছে।

