সংস্কার না হলে গদি টিকবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার না হলে গদি টিকবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী - the Bengali Times
নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে সরকারের গদি থাকবে কি না সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। জনগণ ভোট দিয়েছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেটের বিরুদ্ধে গেলে জনগণই জবাব দেবে।”

তিনি আরও বলেন, তারেক রহমানের ইতিহাস জানা উচিত। অতীতে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। তাই আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা ঠিক হবে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেন তাহলে তারা প্রথম কোপ, প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর।

সরকারের বিভিন্ন কার্ডভিত্তিক কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “উন্নয়নের বদলে জনগণের হাতে শুধু কার্ড তুলে দেওয়া হয়েছে। যদি এসব কার্ডে মানুষের উপকার না হয়, তাহলে আমরাও সরকারের হাতে লাল কার্ড তুলে দেব।”

ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু বর্তমান রাজনীতিতে সেই আদর্শ থেকে সরে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নদীতে পানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “খাল খননের আগে নদীতে পানি আনতে হবে। রাজশাহীবাসীর জীবন বাঁচাতে পদ্মায় পানি প্রয়োজন। পানি না এলে জনগণকে আন্দোলনে নামতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। সঞ্চালনা করেন সদস্য সচিব আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ দলীয় নেতাকর্মীরা।

- Advertisement -

Related Articles

Latest Articles