রহস্যময় ট্রাঙ্ক থেকে উদ্ধার কে এই ডলি

রহস্যময় ট্রাঙ্ক থেকে উদ্ধার কে এই ডলি - the Bengali Times

ছবি সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাঙ্ক থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। একই সঙ্গে মরদেহ বহনকারী পিকআপভ্যান জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

শনাক্ত হওয়া নিহত নারী ডলি আক্তার (৩৬)। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আলাল মিয়ার মেয়ে।

- Advertisement -

পিবিআই সূত্রে জানা যায়, গত বুধবার শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড়ে একটি পরিত্যক্ত ট্রাঙ্ক পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় ট্রাঙ্কটি পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে লেপ-তোশকে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে। তখন মরদেহে পচন ধরেছিল।

পরিচয় শনাক্তে শ্রীবরদী থানা পুলিশ পিবিআই-এর সহায়তা নেয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. শফিকুল ইসলাম শফিক মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

তদন্তের অংশ হিসেবে পিবিআইয়ের এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শুক্রবার সকালে ভেলুয়া গ্রাম থেকে মরদেহ বহনকারী পিকআপভ্যানটি জব্দ করে এবং চালক আশরাফ আলীকে আটক করে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এসআই সামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলি আক্তারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles