ব্যাংকের ভুলে ‘হঠাৎ কোটিপতি’ কৃষকের স্ত্রী, তবে স্পর্শ করলেন না

ব্যাংকের ভুলে ‘হঠাৎ কোটিপতি’ কৃষকের স্ত্রী, তবে স্পর্শ করলেন না - the Bengali Times
সংগৃহীত ছবি

কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু—কিন্তু ভারতের এক নারী সেই প্রবাদকে যেন উল্টে দিয়ে সততার এক বিরল উদাহরণ তৈরি করেছেন। ভারতের উত্তরপ্রদেশ-এর মৈনপুরী জেলার দেবগঞ্জ গ্রামের বাসিন্দা রিতা নামের এক নারী হঠাৎ করেই নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি রুপি দেখতে পান। কিন্তু এত বিপুল অর্থ দেখেও এক টাকাও স্পর্শ না করে বরং তা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।

ঘটনাটি ঘটে নবরাত্রির অষ্টমীর দিন। টাকা তুলতে গিয়ে ব্যাংক বন্ধ পেয়ে পাশের এটিএম বুথে ব্যালেন্স চেক করেন রিতা। তখনই তিনি দেখতে পান তার ব্যাংক অব ইন্ডিয়া অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৫৮৮ রুপি।

- Advertisement -

প্রথমে বিষয়টি বিশ্বাস করতে না পেরে তিনি অন্য এটিএমে গিয়ে আবারও ব্যালেন্স যাচাই করেন। এমনকি প্রমাণ হিসেবে ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—এই বিপুল অর্থ দেখেও তিনি বিন্দুমাত্র লোভে পড়েননি। বরং পরিবারের সবাইকে কড়া নির্দেশ দেন, যেন এই টাকার এক পয়সাও খরচ না করা হয়। তিনি স্পষ্টভাবে জানান, এই অর্থ তার নয় এবং দ্রুত ব্যাংককে বিষয়টি জানানো উচিত।

স্থানীয়দের মতে, যেখানে অল্প টাকার লোভে অনেকেই ভুল পথে হাঁটে, সেখানে একটি সাধারণ কৃষক পরিবারের নারী হয়ে রিতার এই সততা সত্যিই অনন্য দৃষ্টান্ত।

এ বিষয়ে ঋষিকান্ত পাণ্ডে, করিমগঞ্জ শাখার ম্যানেজার জানান, সম্ভবত প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে। ব্যাংক খোলার পর বিষয়টি তদন্ত করে সমাধান করা হবে।

রিতার এই নিঃস্বার্থ ও সৎ আচরণ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles