
কানাডায় অক্টোবরে খুচরা বিক্রি সামান্য কমেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, মাসটিতে খুচরা বিক্রি দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে মোট ৬ হাজার ৯৪০ কোটি কানাডীয় ডলারে দাঁড়িয়েছে। বিশেষ করে বিয়ার, ওয়াইন ও লিকার স্টোরে বিক্রিতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, অক্টোবরে মোট নয়টি খুচরা খাতের মধ্যে চারটি খাতেই বিক্রি কমেছে। এর মধ্যে খাদ্য ও পানীয় খাত সবচেয়ে বেশি চাপে ছিল। এই খাতে সামগ্রিক বিক্রি ২ শতাংশ কমেছে, যার প্রধান কারণ হিসেবে বিয়ার, ওয়াইন ও লিকারের খুচরা বিক্রি ১০ দশমিক ৬ শতাংশ হ্রাস পাওয়ার কথা উল্লেখ করেছে সংস্থাটি।
সংস্থাটির মতে, ব্রিটিশ কলাম্বিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের সঙ্গে মদ্যপ পানীয়ের খুচরা বিক্রি কমে যাওয়ার একটি যোগসূত্র রয়েছে। এ ছাড়া সুপারমার্কেট ও অন্যান্য গ্রোসারি পণ্যের বিক্রিও অক্টোবরে দশমিক ৭ শতাংশ কমেছে।
খাদ্য ও পানীয়ের পাশাপাশি পোশাক ও সংশ্লিষ্ট খাতেও মন্দাভাব দেখা গেছে। পোশাকের অনুষঙ্গ, জুতা, গহনা, লাগেজ এবং চামড়াজাত পণ্যের বিক্রি মাসটিতে দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে স্বাস্থ্য ও পার্সোনাল কেয়ার পণ্যের খুচরা বিক্রি কমেছে দশমিক ৩ শতাংশ।
তবে সব খাতেই যে মন্দা ছিল, তা নয়। আসবাব, হোম ফার্নিশিং, ইলেক্ট্রনিকস ও অ্যাপ্লায়েন্সের খুচরা বিক্রি অক্টোবরে ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। মোটরগাড়ি ও যন্ত্রাংশের বিক্রি বেড়েছে দশমিক ৬ শতাংশ, যার মধ্যে নতুন গাড়ির বিক্রি বেড়েছে দশমিক ৫ শতাংশ।
পণ্যের পরিমাণ বা ভলিউমের হিসাবে বিবেচনা করলে অক্টোবরে খুচরা বিক্রি আরও বেশি চাপে ছিল। এই হিসাবে মাসটিতে খুচরা বিক্রি কমেছে দশমিক ৬ শতাংশ।
এদিকে, স্ট্যাটিস্টিকস কানাডা আগাম প্রাক্কলনে জানিয়েছে, নভেম্বরে খুচরা বিক্রি ঘুরে দাঁড়িয়েছে। সংস্থাটির প্রাথমিক অনুমান অনুযায়ী, নভেম্বরে খুচরা বিক্রি ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই সংখ্যা পরবর্তীতে পরিমার্জিত হতে পারে বলে সতর্ক করেছে তারা।
টিডি ব্যাংকের অর্থনীতিবিদ বলেন, নভেম্বরে খুচরা বিক্রিতে কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত মিললেও প্রকৃত বিক্রির সামগ্রিক প্রবণতা এখনো ঋণাত্মকই রয়েছে। তাঁর মতে, পোশাক ও ইলেক্ট্রনিকসের মতো কিছু নির্দিষ্ট পণ্যে ইতিবাচক গতি দেখা গেলেও সামগ্রিক ভোক্তা চাহিদা এখনো চাপের মধ্যেই রয়েছে।
বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার এবং শ্রমবাজারের অনিশ্চয়তা কানাডার খুচরা খাতে ভোক্তা ব্যয়ের ওপর প্রভাব ফেলছে। নভেম্বরে সাময়িক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও আগামী মাসগুলোতে এই ধারা টেকসই হবে কি না, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

