
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসেছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসরহ সিনিয়র কয়েকজন নেতা তাকে দেখতে গিয়েছিলেন।
এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। এ ছাড়া দলীয় প্রধানের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার বাদ জুম্মা ঢাকাসহ দেশব্যাপী দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে বিএনপি।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকলকে দোয়া করার আহ্বান জানান তিনি।
শুক্রবার বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আপনারা জানেন বেগম খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং গতকাল রাতে (বৃহস্পতিবার) ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য আমরা দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই আমাদের নেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে দোয়া চেয়েছি।
মির্জা ফখরুল বলেন, আমরা দোয়া চেয়েছি আল্লাহ তায়ালার কাছে তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেযন। আমরা আবারও দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে তিনি অসুস্থ হাসপাতালে ছিলেন। এর আগে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক সম্মেলনেও বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।
তিনি বলেন, ম্যাডাম অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে আছে। গতকাল রাতে আমি প্রায় দুইটার সময়ে ফিরেছি হাসপাতাল থেকে। তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন, কাজ করছিলেন। আমি অনুরোধ করব আপনারা আশু রোগমুক্তির জন্য দোয়া করবেন, দেশবাসীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে।
এদিকে খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতায় রাজধানীসহ সারা দেশে মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়ার আরোগ্য কামনায় গণদোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। একইদিনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর উদ্যোগে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদরাসায় বিশেষ দোয়া করা হয়।
গত ২৩ নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। রাতেই মেডিবেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে।

