ফখরুলের কণ্ঠ নকলের মাধ্যমে অসত্য তথ্য প্রচারের অভিযোগ

ফখরুলের কণ্ঠ নকলের মাধ্যমে অসত্য তথ্য প্রচারের অভিযোগ - the Bengali Times

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে অসত্য ভিডিও প্রচারের অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘পুরনো সংবাদ সম্মেলনের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করা হয়েছে-যেখানে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।’

এতে আরও বলা হয়েছে, ‘জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে।’

দেশের জনগণসহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহ্বান জানাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles