
ইস্ট ইয়র্কের রিস্টোরের ডেপুটি ম্যানেজার লিও প্যাট্রিক বেঙ্গলি টাইমসকে বলেন, আগের তুলনায় দোকানে মানুষের যাতায়াত ও পণ্য সম্পর্কে আগ্রহ বেড়েছে। প্রতিদিন অনেকেই আসছেন। বিভিন্ন ধরনের পণ্য দেখছেন এবং দাম সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তবে ক্রেতাদের উপস্থিতি বাড়ার সঙ্গে বিক্রির পরিমাণ একই হারে বাড়ছে না। তিনি বলেন, ‘বিক্রি খুব বেশি বেড়েছে, এমন নয়। তবে গ্রাহকের সংখ্যা ও আগ্রহ বেড়েছে। প্রচুর মানুষ আমাদের দোকান পরিদর্শন করছেন। নানা ধরনের পণ্যের খোঁজ নিচ্ছেন। কিন্তু আমাদের এখানে তো বিপুল পরিমাণ পণ্য মজুত থাকে না।’
লিও প্যাট্রিকের এই বক্তব্য থেকে স্পষ্ট, কম দামে কেনাকাটার আগ্রহ বাড়লেও পণ্যের সীমিত মজুত অনেক সময় ক্রেতাদের চাহিদা পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। রিস্টোরে বিক্রির জন্য পণ্যের একটি বড় অংশ আসে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের অনুদান থেকে। ফলে সাধারণ খুচরা বিক্রয়কেন্দ্রের মতো একই পণ্যের বিপুল মজুত সব সময় রাখা সম্ভব হয় না।
নতুন পণ্যের পরিবর্তে তুলনামূলক কম দামে প্রয়োজনীয় সামগ্রী কিনতে অনেকেই এখন ঝুঁকছেন ব্যবহৃত ও পুনর্বিক্রয়যোগ্য পণ্যের দোকানগুলোর দিকে। বিশেষ করে আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বাড়ি সংস্কারের উপকরণ কেনার ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির পরিচালিত রিস্টোর। টরন্টোর ইস্ট ইয়র্কের রিস্টোরে ক্রেতাদের উপস্থিতি ও পণ্যের প্রতি আগ্রহ বাড়লেও সেই অনুপাতে বিক্রি বাড়ছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা। অর্থনৈতিক চাপের মধ্যে ক্রেতাদের এই পরিবর্তিত আচরণ কানাডার খুচরা বাজারের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরছে।
ক্রেতাদের একটি অংশ প্রয়োজনীয় পণ্য খুঁজে পেলে তবেই কেনাকাটা করছেন। বিশেষ করে বাড়ি সংস্কারের কাজে নিয়োজিত ছোট ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে রিস্টোর একটি বিকল্প বাজার হিসেবে পরিচিতি পাচ্ছে। স্কারবোরোতে বাড়ি সংস্কারের কাজ করেন হাশিম মোহাম্মদ। সম্প্রতি তিনি ইস্ট ইয়র্কের রিস্টোরে এসেছিলেন একটি বাড়ির শৌচাগার সংস্কারের জন্য টাইলস কিনতে। বেঙ্গলি টাইমসকে তিনি বলেন, ‘এখানে অনেক কম দামে প্রচুর ধরনের পণ্য পাওয়া যায়। প্রয়োজন হলে মাঝেমধ্যে এখানেও আসি। তবে দোকান খোলা থাকার সময় সীমিত হওয়ায় খুব বেশি আসতে পারি না।’
হাশিম মোহাম্মদের মতো ছোট পরিসরে বাড়ি সংস্কারের কাজ করা ব্যক্তিদের জন্য রিস্টোরে কম দামে টাইলস, ক্যাবিনেট, দরজা, বৈদ্যুতিক বাতি, বাথরুমের সরঞ্জাম এবং অন্যান্য নির্মাণসামগ্রী পাওয়ার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট পরিমাণ ও মানের পণ্য সব সময় পাওয়া যায় না। ফলে বড় প্রকল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ক্ষেত্রে অনেক ঠিকাদার এখনো প্রচলিত নির্মাণসামগ্রীর দোকানের ওপর নির্ভর করেন।
টরন্টো হোমস বিল্ডারের আব্দুল আউয়াল অবশ্য বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন। বেঙ্গলি টাইমসকে তিনি বলেন, ‘আমরা বড় দোকান থেকে ভালো মানের পণ্য কিনি। তবে ছোটখাটো সংস্কারের কাজ যাঁরা করেন, তাঁদের জন্য রিস্টোর ভালো জায়গা।’
কানাডার সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতিও সাশ্রয়ী কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ বাড়ার একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে। কানাডায় হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির রিস্টোর কার্যক্রমের পরিসংখ্যানও এই বাজারের ব্যাপ্তি তুলে ধরে। প্রতিষ্ঠানটির প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে রিস্টোরগুলোতে ২৫ লাখের বেশি কেনাকাটার লেনদেন সম্পন্ন হয়েছে। ওই বছর মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় ৮ কোটি ৮৫ লাখ ডলার। তবে বিক্রির এই বিপুল অঙ্কের মধ্যেও বাজারের একটি ভিন্ন চিত্র রয়েছে। ২০২৪ সালে রিস্টোরের জাতীয় পর্যায়ের বিক্রি আগের বছরের তুলনায় কমেছিল। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমে দাঁড়ায় প্রায় ১ কোটি ৯৬ লাখ ডলারে, যা ২০২৩ সালের তুলনায় ১২ দশমিক শূন্য ২ শতাংশ কম।
এই পরিসংখ্যান ইস্ট ইয়র্কের রিস্টোরের ডেপুটি ম্যানেজার লিও প্যাট্রিকের বক্তব্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাদৃশ্য তুলে ধরে। ক্রেতাদের আগ্রহ ও উপস্থিতি বাড়লেও তা সব সময় বিক্রি বৃদ্ধিতে পরিণত হচ্ছে না। রিস্টোরের ব্যবসায়িক কাঠামোও প্রচলিত খুচরা বিক্রয়প্রতিষ্ঠান থেকে কিছুটা আলাদা। হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি একটি অলাভজনক সংস্থা। তাদের পরিচালিত রিস্টোরে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান হিসেবে পাওয়া নতুন, অতিরিক্ত মজুত এবং ভালো অবস্থার ব্যবহৃত পণ্য বিক্রি করা হয়।
বৃহত্তর টরন্টো এলাকায় হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি জিটিএর পরিচালনায় বর্তমানে চারটি রিস্টোর রয়েছে। এসব দোকানে আসবাবপত্র, গৃহস্থালি যন্ত্রপাতি, রান্নাঘরের ক্যাবিনেট, বাথরুমের সরঞ্জাম, দরজা, জানালা, বৈদ্যুতিক বাতি এবং বাড়ি সংস্কারের বিভিন্ন উপকরণ পাওয়া যায়। এসব দোকানের মুনাফা স্বল্প আয়ের পরিবারের সাশ্রয়ী আবাসন উদ্যোগে সহায়তা করে। ফলে এখানে কেনাকাটা শুধু অর্থ সাশ্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সামাজিক কল্যাণমূলক কাজেও ভূমিকা রাখে। টরন্টো কমিউনিটির একটি বিরাট অংশের কাছে রিস্টোর আশীর্বাদও বটে।

