প্রতিবাদ, বিক্ষোভ আর উৎসবের ডানডাস স্কয়ার: ৪০টির বেশি বিক্ষোভ, বাণিজ্যিক আয়োজন কমেছে ৬৯ শতাংশ

প্রতিবাদ, বিক্ষোভ আর উৎসবের ডানডাস স্কয়ার: ৪০টির বেশি বিক্ষোভ, বাণিজ্যিক আয়োজন কমেছে ৬৯ শতাংশ - the Bengali Times
বিক্ষোভ ও প্রতিবাদের টরন্টোর ডানডাস স্কয়ারছবি কাদের মনসুর বেঙ্গলি টাইমস

টরন্টোর ডাউনটাউনের ডানডাস স্কয়ার এখন হয়ে উঠেছে বিক্ষোভ, প্রতিবাদ আর উৎসবের হাব। ঘন ঘন বিক্ষোভ, আয়োজনের ক্রমবর্ধমান ব্যয় এবং বাণিজ্যিক প্রচারণায় বিনিয়োগ কমে যাওয়ায় চত্বরটির অনুষ্ঠান ও আয়েও প্রভাব পড়েছে। টরন্টো সিটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে ৪০টির বেশি প্রতিবাদ ও সমাবেশ নথিভুক্ত হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক আয়োজন কমেছে প্রায় ৬৯ শতাংশ।

টরন্টো রিটেইল বিজেনেস এসোসিয়েশনের নির্বাহী সভাপতি  মার্গারেট এ্যামেলিয়া বেঙ্গলি টাইমসকে বলেন,  ইয়ং স্ট্রিট ও ডানডাস স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত প্রায় এক একর আয়তনের এই চত্বর ২০০৪ সালে চালু হয়। দীর্ঘদিন ইয়ং-ডানডাস স্কয়ার নামে পরিচিত থাকলেও ২০২৩ সালের ডিসেম্বরে টরন্টো সিটি কাউন্সিল এর নাম পরিবর্তন করে সানকোফা স্কয়ার রাখার সিদ্ধান্ত নেয়। ২০২৫ সালের আগস্টে নতুন নাম ও পরিচিতি উদ্‌যাপনের আয়োজন করা হয়। নাম পরিবর্তন হজলেও স্থানীয়রা এই চত্বরকে ডানডাস স্কয়ার হিসেবেই চেনেন এখনো।

- Advertisement -

টরন্টো সিটির নথিতে দেখা যায়, ২০২৩ সালে স্কয়ারটিতে ১৭১ দিন বিভিন্ন অনুষ্ঠান হলেও ২০২৪ সালের জন্য সেই সংখ্যা ১২৭ দিনে নেমে আসার প্রক্ষেপণ করা হয়। একই সময়ে বাণিজ্যিক আয়োজনের দিন ৭১ থেকে কমে দাঁড়ায় ২২টিতে। অর্থাৎ এক বছরে বাণিজ্যিক আয়োজন কমেছে প্রায় ৬৯ শতাংশ।

প্রতিবাদ, বিক্ষোভ আর উৎসবের ডানডাস স্কয়ার: ৪০টির বেশি বিক্ষোভ, বাণিজ্যিক আয়োজন কমেছে ৬৯ শতাংশ - the Bengali Times
টরন্টো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী রোমেন সাহা ছিলেন সেই আন্দোলনের সম্মুখসারির একজন রোমেন বললেন ডানডাস স্কয়ারের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে আর গুরুত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেইছবি কাদের মনসুর বেঙ্গলি টাইমস

ডানডাস স্কয়ারের অনুমতিপত্র থেকে ২০২৪ সালে আয় হয়েছিল ২ লাখ ৭৫ হাজার ডলার। ২০২৫ সালে তা প্রায় ৮৭ হাজার ডলারে নেমে আসার প্রক্ষেপণ করা হয়। পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপনের কমিশন আয় ৮ লাখ ২৬ হাজার ডলার থেকে ৬ লাখ ডলারে নেমে আসার হিসাব দেওয়া হয়।

স্কয়ার কর্তৃপক্ষ বেঙ্গলি টাইমসকে জানায়, বিক্ষোভের কারণে কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই তাদের আয়োজন বন্ধ করে দেয়। ভবিষ্যতে এখানে অনুষ্ঠান আয়োজনের বিষয়েও অনীহা প্রকাশ করে কয়েকটি প্রতিষ্ঠান।  রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও অব্যাহত রয়েছে। ২০২৪ সালে স্কয়ার কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে ৫৫ দিন অনুষ্ঠান পরিচালনা করে। এর মধ্যে ছিল সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত কর্মসূচি। একই বছর কমিউনিটি সংগঠনগুলোর আর্থিক চাপ কমাতে অনুষ্ঠান আয়োজনের অনুমতিপত্রের ফি মওকুফ করা হয়। স্কয়ার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আটটি নির্বাচিত অনুষ্ঠানে দর্শনার্থীদের উপস্থিতি বিশ্লেষণ করা হয়। এতে সাধারণত প্রতিদিন ১০ হাজার থেকে ৩০ হাজার স্বতন্ত্র দর্শনার্থীর উপস্থিতি পাওয়া যায়। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা তুলনামূলক বেশি ছিল।

২০২৫ সালের জন্য স্কয়ারটির পরিচালন ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ ডলার। অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে বছরে ১৬০ দিনে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিবাদ, বিক্ষোভ আর উৎসবের ডানডাস স্কয়ার: ৪০টির বেশি বিক্ষোভ, বাণিজ্যিক আয়োজন কমেছে ৬৯ শতাংশ - the Bengali Times
গতবছর জুলাই থেকে আগস্ট টানা কয়েকদিন বাংলাদেশি ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছে নিজ দেশের গণতন্ত্র উদ্ধারের জন্যে এই ডানডাস স্কয়ারে ছবি কাদের মনসুর বেঙ্গলি টাইমস

টরন্টো মেট্রো বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাইকেল রিচার্ড এই প্রতিবেদককে বলেন, টরন্টোর গুরুত্বপূর্ণ এই জনপরিসরে একদিকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাণিজ্যিক কার্যক্রমের প্রয়োজনীয়তা, দুটিই সমান গুরুত্ব পাচ্ছে। বিক্ষোভের কারণে অনুষ্ঠান ব্যাহত হওয়ার অভিযোগ থাকলেও মানুষের প্রতিবাদের অধিকার সীমিত করাই সমস্যার সমাধান নয়। বরং নিরাপত্তা, সমন্বয় ও পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করাই কর্তৃপক্ষের বড় চ্যালেঞ্জ।

নাম পরিবর্তনের পরও ডানডাস স্কয়ারের পরিচিত চরিত্র বদলায়নি। দিনের বেলায় পর্যটক ও পথচারীদের ভিড়, বিকেলে প্রতিবাদ সমাবেশ, আবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান,সব মিলিয়ে এটি টরন্টোর অন্যতম ব্যস্ত জনপরিসর। গতবছর জুলাই থেকে আগস্ট টানা কয়েকদিন বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করেছে নিজ দেশের গণতন্ত্র উদ্ধারের জন্যে এই ডানডাস স্কয়ারে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী রোমেন সাহা ছিলেন সেই আন্দোলনের সম্মুখসারির একজন। রোমেন বললেন, ডানডাস স্কয়ারের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। আর গুরুত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশ থেকে বারো হাজার মাইল দূরে আমরা আন্দোলন করেছিলাম। আর সেই উত্তাপ পড়েছিলো বাংলাদেশে। পতন হয়েছিলো হাসিনা সরকারের। তাই ডানডাস স্কয়ার আমাদের কাছে কেবল একটি চত্বর নয়, আমাদের ইমোশন আর ইতিহাসের গর্বিত অংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles