২৫ নারী নেত্রীকে জড়িয়ে ‘গুজব’, হাসিনা-জারা-রুমিনকে নিয়ে বেশি

২৫ নারী নেত্রীকে জড়িয়ে ‘গুজব’, হাসিনা-জারা-রুমিনকে নিয়ে বেশি - the Bengali Times

শেখ হাসিনা ডা তাসনিম জারা ও রুমিন ফারহানা ছবি সংগৃহীত

দেশে নারীদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর হার উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ২৫ জন নারী নেত্রীকে নিয়ে ২৩৭টি অপতথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে। তারা দেশের সাতটি রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

গুজব বা ভুয়া তথ্য ছড়ানো সাইবার অপরাধীদের বেশি টার্গেট ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনসিপির নেত্রী ডা. তাসনিম জারা ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা। এছাড়া উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়েও অপতথ্য ছড়ানোর হার বেশি।

- Advertisement -

ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বুধবার (৮ অক্টোবর) রিউমর স্ক্যানার এ প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নেত্রীদের নাম বা ছবি ব্যবহার করে ভুয়া বক্তব্য, সম্পাদিত ভিডিও বা এআই কনটেন্ট ছড়ানো হচ্ছে, যা তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে।

বিভিন্ন গণমাধ্যমের নামেও এসব তথ্য প্রচার করে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন সাইবার অপরাধীরা। ফলে নারীদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং গণপরিসরে তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে দেখা যায়, ৯ মাসে দেশের অন্তত সাতটি রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের ২৫ নারী নেতাকর্মীকে জড়িয়ে অন্তত ২৩৭টি অপতথ্য ছড়ানো হয়েছে। এরমধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্ট নারীদের জড়িয়ে সবচেয়ে বেশি ১৮৮টি অপতথ্য ছড়ানো হয়েছে।

সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়েছে দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে জড়িয়েই ১৪৮টি অপতথ্য ছড়ানো হয়।

অপতথ্যগুলোর ধরণ বুঝতে এগুলোকে রিউমর স্ক্যানার দুটি আলাদা ভাগে ভাগ করেছে। শেখ হাসিনার পক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমর স্ক্যানার দেখেছে, এসব অপতথ্যের প্রায় ৮৮ শতাংশ ক্ষেত্রেই শেখ হাসিনাকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এসব অপতথ্যের অধিকাংশই (২৯ শতাংশ) পুরোনো ভিডিও কেন্দ্রিক, যেগুলোকে চলতি বছরের ঘটনা দাবিতে প্রচার করতে দেখা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles