
লাইভ শো চলাকালে ওরকার আক্রমণে তিমি প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফ নিহত হয়েছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুজব বলে প্রমাণিত হয়েছে। প্রচারিত ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে, ২০২৫ সালের এক শোর আগে প্রশিক্ষণ চলাকালে তার ওরকা কাইরো হঠাৎ আক্রমণাত্মক হয়ে জেসিকাকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত প্রাণী প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফের ডলফিনের আক্রমণে নিহত হওয়ার দাবিটি সত্য নয়।
বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক ভিডিও ব্যবহার করে এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
অনুসন্ধানের শুরুতে কথিত জেসিকা র্যাডক্লিফ নামটি ভিত্তি করে খোঁজ করা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই নামের কোনো সামুদ্রিক প্রাণী প্রশিক্ষককে ওরকার আক্রমণে মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি।
এমন ঘটনা ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা নিশ্চিতভাবে প্রকাশ করত, কিন্তু এ ক্ষেত্রে কোনো সংবাদ লক্ষ্য করা যায়নি।
এই বিষয়ে আরও অনুসন্ধান করে দেখা যায়, ‘FactEX’ নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ৭ জানুয়ারি জেসিকার মৃত্যুর দাবি করা হয়।
ভিডিওতে দাবি করা হয়, জেসিকা ওশান হ্যাভেন নামের এক মেরিন পার্কে প্রথমবারের মতো ওরকা শো-তে অংশ নেন। তবে বিশ্বস্ত কোনো সূত্রেই এই পার্কের অস্তিত্ব মেলেনি।

