স্বামীকে হত্যার পরিকল্পনা স্ত্রী ও প্রেমিকের, ছুরিকাঘাতেও বাঁচলেন স্বামী

স্বামীকে হত্যার পরিকল্পনা স্ত্রী ও প্রেমিকের, ছুরিকাঘাতেও বাঁচলেন স্বামী - the Bengali Times
স্বামীকে হত্যার পরিকল্পনা করেন এক নারী ও তাঁর জিম প্রশিক্ষক প্রেমিক

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন এক নারী ও তাঁর জিম প্রশিক্ষক প্রেমিক। পরিকল্পনা অনুযায়ী, স্বামীকে একাধিকবার ছুরিকাঘাতও করা হয়। তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি। এ ঘটনায় স্ত্রী প্রিয়া শর্মা ও তাঁর কথিত প্রেমিক প্রতাপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর সকালে গাজিয়াবাদের বসুন্ধরা এলাকার সেক্টর-১-এর জাগৃতি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটিতে এ ঘটনা ঘটে। জিমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রিয়া শর্মার স্বামী শশাঙ্ক কন্থারিয়ার ওপর হামলা চালানো হয়। প্রতাপ সিং নামের এক ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করেন। শশাঙ্কের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারী পালিয়ে যায়।

- Advertisement -

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শশাঙ্ককে উদ্ধার করে যশোদা মেডিসিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে শশাঙ্কের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। দুজনই দিল্লিতে জ্যেষ্ঠ হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। প্রিয়ার এটি দ্বিতীয় বিয়ে। গত সাত-আট মাস ধরে তিনি ‘ফিটনেস হেডকোয়ার্টার্স’ নামের একটি জিমে যাতায়াত করতেন। সেখানেই প্রশিক্ষক প্রতাপ সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। হোয়াটসঅ্যাপেও নিয়মিত যোগাযোগ করতেন তাঁরা।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে প্রতাপ জানিয়েছেন, তাঁরা দুজন বিয়ের পরিকল্পনা করেছিলেন। শশাঙ্ক তাঁদের সম্পর্কের বিষয়টি জানতে পেরে গিয়েছিলেন। দীপাবলির পর অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনাও করছিলেন তিনি। এ পরিস্থিতিতে শশাঙ্ককে হত্যার সিদ্ধান্ত নেন প্রিয়া ও প্রতাপ।

তদন্তে জানা গেছে, গত ২৫ অক্টোবর সকালে দৌড়াতে বেরিয়ে দুজনের দেখা হয়। সেখানেই শশাঙ্ককে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তাঁরা। পরদিন ছুরি নিয়ে প্রিয়ার বাড়িতে যান প্রতাপ। পুলিশের ভাষ্য, প্রিয়া আগে থেকেই বাড়ির ফটক খোলা রেখেছিলেন। সেই সুযোগে ভেতরে ঢুকে শশাঙ্কের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান প্রতাপ।

পুলিশ আরও জানায়, হামলার আগের রাতেও প্রিয়া ও প্রতাপের মধ্যে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান হয়। অভিযোগ রয়েছে, কখনো অসুস্থতার অজুহাতে বাড়িতে থেকে শশাঙ্ক অফিসে যাওয়ার পর প্রতাপকে বাসায় ডেকে আনতেন প্রিয়া।

শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। প্রিয়া শর্মা ও প্রতাপ সিংয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles