
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) ও এক প্রবাসীর স্ত্রীকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। দু’জনের মধ্যে পরকীয়ার সম্পর্কের জেরে স্থানীয় এলাকাবাসী তাদেরকে বেঁধে রাখে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে চরদেশ গ্রামে। শনিবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস সামাজিকভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করেন। বিএনপি নেতা ও প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী তাহের আলীর স্ত্রী সঙ্গে ধামশ্বর ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক ও গালা গ্রামের মো. সিরাজুল ইসলাম মুনজেলের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। এ নিয়ে গ্রামের মানুষজনের ভেতর কানাঘুষা ও কৌতুহলের সৃষ্টি হয়।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়ন বিএনপি নেতাকে স্থানীয় লোকজন প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক অবস্থায় দেখতে পায়। এরপর দু’জনকে একসঙ্গে একটি গাছে বেঁধে রাখা হয়। রাতভর গাছে বেঁধে রাখার পর শনিবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস উভয়পক্ষ ও স্থানীয় এলাকাবাসী নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। দৌলতপুর থানার পুলিশও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার জন্য চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে চলে আসে।
ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলামের পরকীয়ার সত্যতা তারা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক চলছিল। সিরাজুল ইসলামের ঘরে দুই সন্তান এবং প্রবাসীর স্ত্রীর ঘরেও দুই সন্তান রয়েছে।
প্রবাসী স্বামী তাহের আলী সেখান থেকে (সৌদি আরব) জানিয়ে দিয়েছেন স্ত্রীরর সঙ্গে তিনি আর সংসার করবেন না। তার বাড়িতে যেন সে (স্ত্রী) ঢুকতে না পারে।
পাশাপাশি সিরাজুল ইসলামের স্ত্রী স্বামীকে রক্ষা করতে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে বলে জানান চেয়ারম্যান।
চেয়ারম্যান আরও জানান, উভয়পক্ষ থেকে বিয়ের সম্মতি থাকায় বিভিন্ন দিক বিবেচনা করে দু’জনকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার পরকীয়া এবং গাছে বেঁধে রাখার ঘটনার সত্যতা পাওয়া গেছে। সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় চেয়ারম্যানকে গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার দায়িত্ব দেয়। এদিকে ধামশ্বর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, ঘটনার সত্যতা তারা পেয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের কারণে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

