
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে অনুরোধ করা হয়েছে।
গতকাল রোববার (১৫ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এ সংক্রান্ত তলবি নোটিশ সরাসরি ঢাকার পাঁচটি ঠিকানা এবং দুটি থানার মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১৪ মে টিউলিপকে তলব করে একটি চিঠি পাঠানো হয়। তবে সংস্থাটির দাবি, তিনি সেই চিঠি পাননি বলে গণমাধ্যমে অভিযোগ করেছেন। এ প্রেক্ষাপটে দুদক এবার আগের ঠিকানাগুলোর পাশাপাশি নতুন আরও দুটি ঠিকানা যুক্ত করে মোট ৫টি ঠিকানায় তলবি নোটিশ পাঠিয়েছে। সংশ্লিষ্ট থানায়, রেজিস্ট্রি ডাকের মাধ্যমে এবং সরাসরি দুদক কর্মকর্তাদের মাধ্যমে চিঠিগুলো প্রকাশ্য স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, টিউলিপের অভিযোগ অনুযায়ী তিনি যেন যথাযথভাবে নোটিশ গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী শেখ রেহানার কন্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কিংবা তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

