ঈদ মোবারক

ঈদ মোবারক - the Bengali Times
আমাদের ট্রেডিশন ছিল বাবা ঈদের নামায পড়ে আসলেই দুম করে সালাম আর সালামির জন্য হাত পেতে দেওয়া

বড়বেলার ঈদগুলো কবে যে স্মৃতিসর্বস্ব হয়ে উঠল টেরই পেলাম না। সকালে ঘুম থেকে উঠেই ছোট্টবেলার দুই আত্মার বন্ধুর ম‍্যাসেজ। দুজনেই বলে ছোটবেলার ঈদ খুব মিস করি। মনে হল আমিও তো করি।

১৮ বছর নিজের দেশে ঈদ করি না, কিন্তু ঈদের স্মৃতি গুনতে গুনতে ঈদের দিনে মা যা তৈরী করত তা তৈরী করার ব্যার্থ চেস্টা করি। না পেরে অন্তত সেগুলি খাওয়ার চেষ্টা করি। সেই খাবারগুলো খুঁজি পরিচিত মানুষদের কাছে- শুধু খাওয়ার জন্য না, খাবারের ঘ্রাণ- দৃশ্য আর আমার মায়ের ঈদের দিনের সেই ব্যাস্ত সমস্ত চেহারার জন্য।

- Advertisement -

আমাদের ট্রেডিশন ছিল বাবা ঈদের নামায পড়ে আসলেই দুম করে সালাম আর সালামির জন্য হাত পেতে দেওয়া। বাবা শুভ্র পান্জাবী পরে নামাজে যেতেন। এখনও তাই বাসার ছেলেমানুষদের ঈদের নামাজ পড়তে যেতে দেখতে ইচ্ছে হয়। ঈদের নামাজ ফেরত মানুষদের সালাম করতে ইচ্ছে করে- আহ্লাদ করে বলতে ইচ্ছে করে সালামি কোথায় আমার?? আমার জীবনে আর কখনও বাবার সাথে ঈদ করা হবে না। কেমন হৃদয় মুচড়ে দেওয়া একটা চরম সত‍্যকথা। বাবার ছায়া পাই এক দুইজন মানুষের মাঝে- বাবাকে তো পাই না।

মাথার মধ‍্যে কত কত ইচ্ছে যে ঘুরে, ইচ্ছার সাগরে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত আমি – ডুবন্ত প্রায়। ইচ্ছের সৌন্দর্য তার অপূর্ণতায় অসম্ভবতায়। আমার ইচ্ছেগুলো বেশিরভাগ অতীতকেন্দ্রিক। মানুষ ভবিষ্যতের কল্পনায় বিভোর থাকে আর আমি অতিতে বুঁদ হয়ে থাকি। মাঝে মাঝে মনে হয় আমার বয়স ৮৭ হয়ে গেছে। তাই ভবিষ্যত আর তেমন কৌতূহল উদ্রেক করে না। অতীতের ইন্দ্রজাল বড় রঙিন ঝলমলে।

গত কয়েক বছর ধরে ঈদগুলো কেমন ধূসর প্রাণহীন হয়ে গেছে। প্রতিটা ঈদেই মনে হয়েছে যেন পালিয়ে বেড়াই নিজের কাছ থেকে। ইচ্ছে করে অতিরিক্ত কাজের চাপে নিজেকে ডুবিয়ে ফেলতে চেয়েছি। বিশেষ করে গতবছর কোরবানি ঈদে চাকরীসূত্রে গিয়েছিলাম ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া শহরে। ঝকঝকে হোটেলরুমে কাটানো সেই দিনটিতে ভয়ানক বিপদের মুখোমুখি হই। সেই গল্প নাহয় করব অন‍্যকোনওদিন।

তবে সেই বিপদে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর আমার কোনও ঈদে মনে মনে কস্ট পাবো না। যত যাই হোক, আমি নিজেকে ঈদ উপহার দেব। সৃষ্টিকর্তার অসীম ভালোবাসায় আমার পরবর্তী ঈদগুলো চমৎকার কাটছে।

এই প্রথম ঈদের দিনে দূরে কারও বাড়িতে বেড়াতে যাচ্ছি। ঘটনাবিহীন এই ঈদের দিনটি মহান আল্লাহ শান্তিতে ভরে রেখেছেন। তাঁর কাছে অসীম কৃতজ্ঞতা। আমার বাবা মায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আমার প্রিয়জনদের প্রতি আন্তরিক ভালোবাসা।

সবাই যেন ঈদের দিনে মনের মাঝে শান্তি খুঁজে পান, এই কামনায় ঈদ মোবারক।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles