
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় ছয় বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের ওসমানপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই হামজারুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। পেশায় সে কৃষি কাজ করে। ধর্ষণের শিকার শিশুটি ওসমানপুর-লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে ধর্ষণকারী হামজারুলের ছোট বোন তার বান্ধবীর সাথে বাড়িতে খেলা করছিল। এ সময় তার ছোট বোনকে দিয়ে পেঁয়াজের বড়া খেতে ওই শিশুকে ডেকে আনে। পরে পার্শ্ববর্তী মাঠে দুজনকে ছাগলের ঘাস কাটতে পাঠায়। হামজারুল তার বোনকে ঘাস নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ সুযোগে ছোট্ট শিশুটিকে ধর্ষণ করে হামজারুল। শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে মা ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, রাতেই অভিযান চালিয়ে হামজারুলকে আটক করা হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

