তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে দিশা, মিরপুর থেকে গ্রেফতার

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে দিশা, মিরপুর থেকে গ্রেফতার - the Bengali Times
গণমাধ্যমে নাম প্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন দিশা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গণমাধ্যমে নাম প্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন দিশা। তাহসিফের মরদেহ উদ্ধারের আগে তিনি তাঁর বাসার ঠিক বিপরীত পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করেন তিনি।

- Advertisement -

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে দিশা তাঁর খালার বাসায় আসেন। সেখানে একজনকে নিজের নিরাপদে থাকার কথা জানান। পরে পুলিশের প্রযুক্তিগত সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়।

এদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছে উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারের সিসিটিভি ফুটেজের তথ্য। ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ, দিশা ও দীপ উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে প্রবেশ করেন।

অন্য একটি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়।

রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাঁরা কোথায় গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারী দল। এ বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই। তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles