বিয়ের আগেই ডেঙ্গুতে মৃত্যু, মরদেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর

বিয়ের আগেই ডেঙ্গুতে মৃত্যু, মরদেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর - the Bengali Times
নতুন জীবনের স্বপ্ন পূরণ হওয়ার আগেই ডেঙ্গু কেড়ে নিলো বৃষ্টি ঘরামীকে প্রিয় মানুষটির শেষ ইচ্ছা পূরণে তার নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন হবু বর সবুজ মন্ডল

আর মাত্র কয়েকদিন পরই বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে। কেনাকাটাও শেষ—শাড়ি, গহনা, সিঁদুর সবই প্রস্তুত। কিন্তু নতুন জীবনের স্বপ্ন পূরণ হওয়ার আগেই ডেঙ্গু কেড়ে নিলো বৃষ্টি ঘরামীকে। প্রিয় মানুষটির শেষ ইচ্ছা পূরণে তার নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন হবু বর সবুজ মন্ডল।

বৃষ্টি গোপালগঞ্জ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ২০২০-২১ ব্যাচের ছাত্রী ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের এই তরুণী ঢাকার শ্যামলীতে একটি ট্রমা সেন্টারে নার্স হিসেবে কাজ করছিলেন। সেখানে প্রায় নয় মাস ধরে কর্মরত ছিলেন তিনি।

- Advertisement -

পরিবার সূত্রে জানা যায়, আগামী ১৬ অক্টোবর বৃষ্টির বিয়ের দিন ঠিক হয়েছিল। তার জমজ বোন বন্যা ঘরামীরও একই সময়ে বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েকে ঘিরে দুই বোনের পরিবারে চলছিল নানা আয়োজন। কিন্তু তার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (২ অক্টোবর) মারা যান বৃষ্টি।

মৃত্যুর দিন সকালেও বৃষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে বি-নেগেটিভ রক্তের প্রয়োজনের কথা জানিয়ে সহায়তা চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রক্তের প্রয়োজন মেটানোর আগেই থেমে যায় তার জীবন।

বৃষ্টির বড় বোন মেঘলা ঘরামী জানান, বিয়ের সব কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল। ডেঙ্গুতে বৃষ্টির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে তার প্রচণ্ড জ্বর ও হিট স্ট্রোক হয়। পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা সময়মতো করা গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

বৃষ্টির মৃত্যুর পর তার হবু শ্বশুর-শাশুড়ি বিয়ের কেনাকাটা করা সামগ্রী সঙ্গে নিয়ে মরদেহের সঙ্গে বাড়িতে আসেন। এরপর পরিবারের সম্মতিতে হবু বর সবুজ মন্ডল বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন।

যে সিঁদুরে বিয়ের দিনে নতুন জীবনের সূচনা হওয়ার কথা ছিল, সেই সিঁদুরই শেষ পর্যন্ত বৃষ্টির নিথর দেহে পরিয়ে দিতে হলো। বিয়ের সাজ, নতুন সংসারের স্বপ্ন আর প্রিয়জনকে ঘিরে যত আয়োজন—সবই রয়ে গেল অপূর্ণ। পরিবারের কাছে সবুজের সেই সিঁদুর পরিয়ে দেওয়ার মুহূর্ত হয়ে থাকল ভালোবাসা আর হারানোর এক বেদনাবিধুর স্মৃতি।

- Advertisement -

Related Articles

Latest Articles