
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান সুমাইয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তাঁর রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না।
পদত্যাগের কারণ হিসেবে তিনি সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করেন। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
তবে পদ থেকে সরে দাঁড়ালেও জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেন সুমাইয়া। তাঁর ভাষায়, ‘আমি শুধু আমার পদ থেকে সরে দাঁড়িয়েছি, আদর্শ থেকে নয়।’
নিজের পোস্টের মন্তব্যের ঘরে এক জবাবে তিনি আরও লেখেন, ‘প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?’
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সুমাইয়া ব্যক্তিগত ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।
সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাবি শাখা ছাত্রদলের দুই সদস্যকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

