
মাত্র ৬ বছর বয়সেই রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়েছে চীনের শিশু লিয়ান ইউংঝি। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে এই খুদে প্রতিভা।
চীনের গুয়াংজু ও উহান শহরে আয়োজিত দুটি পৃথক প্রতিযোগিতায় অংশ নেয় লিয়ান। সেখানে ৩×৩ আকারের রুবিকস কিউব গড়ে মাত্র ৪ দশমিক ২৭ সেকেন্ডে মিলিয়ে নারীদের বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়ে সে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, চেংদুর বাসিন্দা লিয়ান, যার ডাকনাম ‘ঝিঝি’, প্রথম নারী স্পিড কিউবার হিসেবে সাড়ে চার সেকেন্ডের কম সময়ে রুবিকস কিউব মেলানোর রেকর্ড গড়েছে। এরই মধ্যে সে ১ হাজার ৩০০টির বেশি রুবিকস কিউব সমাধানের কৌশল আয়ত্ত করেছে।
লিয়ানের মা লিন ইয়াংসি জানান, তার মেয়ে প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব চর্চা করে। নাচ ও সংগীতের পাশাপাশি শখের বশে কিউব মেলানোর প্রশিক্ষণে ভর্তি হয়েছিল সে। পরে মেয়ের আগ্রহ ও দক্ষতা দেখে পরিবারটি স্পিড কিউবিংয়ে বেশি মনোযোগ দেয়।
মায়ের মতে, নিয়মিত রুবিকস কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি ও যৌক্তিক চিন্তাশক্তি বাড়াতে সহায়তা করে।

