
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোণা পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে সাদিয়ার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তাকে আটক করা হয়। পরে তাকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, সাদিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রকৃত ঘটনা যাচাই করতে সংশ্লিষ্টদের বক্তব্য ও অন্যান্য তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

