
সম্প্রতি কোয়েম্বাটরের একটি ঘটনা নজর কেড়েছে সবার। প্রাথমিক ভাবে ভিডিওটি ভাইরাল হতেই অনেকে মনে করেছিলেন এটি বুঝি এআই দ্বারা নির্মিত। কিন্তু পরে জানা যায়, আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা দিয়ে নয়, বরং বাস্তবে এমনটাই ঘটেছে। কিন্তু কী হয়েছে যা দেখে স্তম্ভিত নেটপাড়া?
এদিন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক মানসিক ভারসাম্যহীন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যখন তখন এক ব্যক্তি প্রকাশ্যে তাঁকে জাপটে ধরেন। তাঁর শ্লীলতাহানি করেন। দেওয়ালে ঠেসে ধরে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন। সেই সময় পথে কেউ ছিলেন না যে সেই মহিলাকে এসে এই লোকটির হাত থেকে বাঁচাবেন। সেই সময়ই তাঁর ত্রাতা হিসেবে আসে একটি সারমেয়।
একটি পথ কুকুর এসে ঝাঁপিয়ে পড়ে লোকটির উপর। তাঁর পায়ে কামড়, আঁচড় দেয়। চিৎকার করে ডাকতে থাকে। শেষ পর্যন্ত সেই ব্যক্তিকে তাড়া করে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং প্রাণ ও সম্ভ্রম বাঁচায় সেই মহিলার। গোটা বিষয়টা ধরা পড়েছে ক্যামেরায়।
দিন ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। বহু মানুষ শেয়ার করেছেন। পেয়েছে লক্ষ লক্ষ ভিউজ। বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘কুকুররা বেশি মানবিক মানুষদের থেকে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘এখান থেকেই প্রমাণিত হয় মানুষ জানোয়ারে পরিণত হয়েছে, আর কুকুরের মধ্যে মানবিক দিক রয়েছে।’ অনেকে প্রশ্ন তুলেছেন রাস্তা থেকে পথ কুকুর সরিয়ে নিয়ে যাওয়ার বিরোধিতা করে। সবটা মিলিয়েই এই সিসিটিভি ফুটেজ নিয়ে জনমানসে চর্চা শুরু হয়েছে। তবে এই ক্যামেরার ফুটেজে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি ধরা পড়েছেন বা তাঁর কোনও শাস্তি হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়।
জানা গিয়েছে ঘটনাটি ৩ সেপ্টেম্বর মধ্যরাত ২ টো নাগাদ ঘটেছে। তামিল নাড়ুর কোয়েম্বাটরের অশোকপুরমের রেলওয়ে ব্রিজের কাছে ঘটেছে।

