
ডেটিং অ্যাপে দীর্ঘদিন ধরে সঙ্গী খুঁজেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় অনেকেই এখন বাস্তব জীবনে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ খুঁজছেন। আর সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে সুপারশপ।
ফিনল্যান্ডে এখন অনেক সিঙ্গেল মানুষ বাজার করতে গিয়েই নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছেন।
সম্প্রতি ফিনল্যান্ডের কয়েকটি সুপারশপে চালু হয়েছে গোলাপি শপিং ঝুড়ি। সাধারণ কালো বা ধূসর ঝুড়ির পাশাপাশি রাখা এই গোলাপি ঝুড়ি হাতে নেওয়ার অর্থ, ওই ব্যক্তি অবিবাহিত এবং নতুন কারো সঙ্গে পরিচিত হতে আগ্রহী।
এই ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে তৈরি ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন। অনেকে এটিকে ডেটিং অ্যাপের চেয়ে সহজ ও স্বাভাবিক উপায়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হিসেবে দেখছেন।
তবে সুপারশপে প্রেম খোঁজার ধারণা এবারই প্রথম নয়।
২০২৪ সালে স্পেনে একটি ভিন্ন ট্রেন্ড ভাইরাল হয়েছিল। সেখানে সিঙ্গেলরা শপিং ট্রলিতে উল্টো করে আনারস রেখে জানাতেন যে তারা নতুন সম্পর্কে আগ্রহী। এমনকি সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়কে অনেকে অনানুষ্ঠানিক ‘ডেটিং আওয়ার’ হিসেবেও ব্যবহার করতেন।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের অন্যতম কারণ ডেটিং অ্যাপ ক্লান্তি। বছরের পর বছর অসংখ্য প্রোফাইল দেখা, অ্যালগরিদমের ওপর নির্ভর করা এবং একই ধরনের অনলাইন কথোপকথনে অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন।
ফলে তারা এখন এমন জায়গায় পরিচিত হতে চান, যেখানে কথোপকথন স্বাভাবিকভাবেই শুরু হতে পারে।
সুপারশপের মতো জায়গায় সবাই একটি সাধারণ কাজের জন্যই আসে। তাই আলাপ শুরু করাও তুলনামূলক সহজ হয়। এখানে কারো সঙ্গে পরিচয় হওয়ার ক্ষেত্রে অ্যাপের মতো কৃত্রিম পরিবেশ বা সাজানো প্রোফাইলের প্রয়োজন হয় না।
এই প্রবণতা শুধু ফিনল্যান্ডেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ এখন ধীরে ধীরে অনলাইন ডেটিংয়ের বদলে রানিং ক্লাব, বইপড়ার আড্ডা, ভ্রমণ দল, শখের সংগঠন ও সামাজিক আয়োজনের মতো অফলাইন কমিউনিটিতে নতুন সম্পর্ক গড়ে তুলছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রেম খোঁজার নতুন পদ্ধতি নয়, বরং মানুষের ডিজিটাল নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সম্পর্ককে গুরুত্ব দেওয়ার একটি বড় পরিবর্তনেরও ইঙ্গিত।
ফলে আগামী দিনে ডেটিং অ্যাপের পাশাপাশি বাজার করতে যাওয়াও হয়তো নতুন কারো সঙ্গে পরিচয়ের একটি স্বাভাবিক সুযোগ হয়ে উঠতে পারে।

