
কানাডার নায়াগ্রা ফলস শহরের জনপ্রিয় মিলেনিয়াম রিক্রিয়েশনাল ট্রেইল সম্প্রতি বড় ধরনের ভাঙচুরের শিকার হয়েছে। ট্রেইলের বিভিন্ন স্থানে ইচ্ছাকৃতভাবে ৩২টি গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে, পুরো এলাকা পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত গাছ প্রতিস্থাপনে ২০ হাজার ডলারেরও বেশি ব্যয় হবে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। সিটি অব নায়াগ্রা ফলস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাটি শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শহরের পরিবেশ, জনসম্পদ এবং স্থানীয় বাসিন্দাদের আবেগের ওপরও বড় ধরনের আঘাত হেনেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত গাছগুলোর মধ্যে কয়েকটি ছিল স্মারক বৃক্ষ, যা প্রিয়জনদের স্মরণে রোপণ করা হয়েছিল। ফলে এই ভাঙচুর স্থানীয় মানুষের কাছে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
মিউনিসিপালিটির তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া প্রতিটি গাছ নতুন করে লাগাতে করদাতাদের ৫৫০ থেকে ৭০০ ডলার পর্যন্ত ব্যয় হবে। শুধু গাছ লাগানোর খরচই নয়, ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার, বিপজ্জনক গাছ অপসারণ এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম স্থানান্তরের জন্যও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অতিরিক্ত ব্যয়ের কারণে এমন কিছু সম্পদ অন্য প্রকল্প থেকে সরিয়ে আনতে হচ্ছে, যা স্বাভাবিক পরিস্থিতিতে কমিউনিটির উন্নয়ন ও জনসেবামূলক কাজে ব্যবহার করা যেত।
ঘটনার পরপরই সিটি কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকার বিস্তারিত পরিদর্শন ও মূল্যায়ন সম্পন্ন করেছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত গাছ অপসারণের কাজ শুরু হবে। কর্তৃপক্ষের ভাষ্য, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রেইলটি যাতে নিরাপদভাবে ব্যবহার করা যায়, তা নিশ্চিত করা। পাশাপাশি ট্রেইলের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য পুনরুদ্ধারের কাজও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।
মিউনিসিপালিটি জানিয়েছে, যেসব স্মারক বৃক্ষ ধ্বংস করা হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব পুনরায় রোপণ করা হবে। অন্য ক্ষতিগ্রস্ত গাছগুলো আগামী শরৎ মৌসুমে প্রতিস্থাপন করা হবে। সিটি কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগের মাধ্যমে শুধু পরিবেশ পুনরুদ্ধারই নয়, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের আবেগের প্রতিও সম্মান জানানো হবে।
নায়াগ্রা ফলসের মেয়র জিম দিয়োদাতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শহরের মানুষের কাছে এই গাছগুলোর গুরুত্ব অপরিসীম, বিশেষ করে যেসব গাছ প্রিয়জনদের স্মরণে রোপণ করা হয়েছিল। তিনি বলেন, এই নির্বোধ ও দায়িত্বজ্ঞানহীন ভাঙচুরের ঘটনায় প্রশাসনের পাশাপাশি পুরো কমিউনিটিই গভীরভাবে হতাশ। তবে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে সিটি প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
ঘটনার তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিটি অব নায়াগ্রা ফলস। কেউ যদি এই ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে তথ্য জানেন, তাহলে তাদের ৯১১ নম্বরে অথবা ৯০৫-৬৮৮-৪১১১ নম্বরে নায়াগ্রা রিজিওনাল পুলিশ সার্ভিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সিটি অব নায়াগ্রা ফলস জানিয়েছে, শহরের নগর বনভূমি, পার্ক এবং উন্মুক্ত জনপরিসর সংরক্ষণ ও সমৃদ্ধ করা তাদের অন্যতম অগ্রাধিকার। এসব সম্পদ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেছে।
এ ধরনের ভাঙচুরের ফলে শুধু অর্থনৈতিক ক্ষতিই হয় না, বরং বহু বছরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় এবং কমিউনিটির সঙ্গে প্রকৃতির যে আবেগঘন সম্পর্ক গড়ে ওঠে, তাতেও আঘাত লাগে। তাই অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

