
বান্ধবীসহ আটক হওয়ার ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৪ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমানকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার জে এম টাওয়ার সংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে তাকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে সাকিফ রহমান বলেন, তার বান্ধবী গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সকাল ৬টার টিকিট কেটেছিলেন। তিনি দাবি করেন, কয়েকজন বন্ধু মিলে রাতে ক্যাম্পাসে ঘোরাঘুরির পরিকল্পনা ছিল।
সাকিফ বলেন, রাতে ১ নম্বর গেট এলাকায় খাওয়া-দাওয়া শেষে বাসায় ফেরার সময় জানতে পারি স্টেশন তলায় ঝামেলা হচ্ছে। তাই আমরা ২ নম্বর গেট দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
তিনি আরও বলেন, পরে রাত প্রায় ১২টার দিকে আমি ব্যাগ নেওয়ার জন্য রুমে যাই। তখন আমার বান্ধবীকে নিচে একা রেখে যাওয়াটা নিরাপদ মনে হয়নি। তাই তাকে রুমে নিয়ে আসি, যেন দ্রুত গোসল করে ব্যাগ নিয়ে বের হতে পারি। কিন্তু কিছু মানুষ দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আমরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলাম না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে ক্যাম্পাস এলাকায় নিয়ে আসেন। পরে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঈদের ছুটির পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

